মিরপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
রাজধানীর মিরপুর থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় এক নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা।
গ্রেপ্তার নেতার নাম মো. আল মাহমুদ তারেক (৪২)। তিনি ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মিরপুর মডেল থানা সূত্রের বরাতে বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিনগত রাত আনুমানিক ১টা ৩০ ঘটিকায় মিরপুর মডেল থানাধীন লাভরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে তাকে আটক করে পুলিশ।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার আল মাহমুদ তারেকের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক