রাবিতে প্রকৌশলবিদ্যা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রকৌশল অনুষদের উদ্যোগে প্রকৌশলবিদ্যা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে দুদিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বলেন, স্বাধীনতার পর ৪৫ বছরে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে প্রভূত উন্নতি করেছে। আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় উন্নয়নও অপরিহার্য। এ জন্য প্রয়োজন নিরন্তর গবেষণা ও আধুনিক বিশ্বের সঙ্গে মতবিনিময়। সেই লক্ষ্যে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উপাচার্য আরো বলেন, এই সম্মেলনের মাধ্যমে অংশগ্রহণকারী গবেষক-বিজ্ঞানীদের মধ্যে পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতার বিনিময় ঘটবে, যা আগামীতে উন্নততর গবেষণার বাতায়ন উন্মোচন করবে।
সম্মেলন উদ্বোধনের পর সিনেট ভবনে অনুষ্ঠিত হয় কি-নোট সেশন। অধ্যাপক মামনুনুল কেরামতের সভাপতিত্বে এই সেশনে পাঁচটি প্রবন্ধ উপস্থাপিত হয়। আজকের ম্যাটেরিয়ালস, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশনবিষয়ক তিনটি টেকনিক্যাল সেশনে ১৯টি ও একটি পোস্টার সেশনে ১৯টি প্রবন্ধ উপস্থাপিত হবে বলে নির্ধারিত আছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। প্রকৌশল অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. মামুন-উর-রশিদ খন্দকারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন সম্মেলনের সম্পাদক কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. একরামুল হামিদ।
আগামীকাল শুক্রবার ন্যানো টেকনোলজি, কম্পোজিট ম্যাটেরিয়ালস, বায়োমেডিকেল, ভিএলএসআই, ইমেজ প্রসেসিং ও প্যাটার্ন রিকগনিশনবিষয়ক ছয়টি সেশনে দুটি আমন্ত্রিত বক্তৃতা ছাড়াও ১৯টি প্রবন্ধ উপস্থাপিত হবে।
এই সম্মেলনে বাংলাদেশ ছাড়াও কয়েকটি দেশের ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন সায়েন্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল এবং সংশ্লিষ্ট বিষয়ের উচ্চতর পর্যায়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও পেশাজীবী বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।
‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটার, কমিউনিকেশন, কেমিক্যাল, ম্যাটেরিয়ালস অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং’ শীষক এই সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠান সঞ্চালন করেন ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক সিনথিয়া শবনম মৌ।

রাবি সংবাদদাতা