সাতদিন পর খুলেছে ময়মনসিংহ মেডিকেল কলেজ
সিনিয়র-জুনিয়র ব্যাচের মধ্যে মারামারির ঘটনায় এক সপ্তাহ বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায় খুলেছে ময়মনসিংহ মেডিকেল কলেজ। সকাল থেকেই কলেজে শিক্ষক, কর্মচারী-কর্মকর্তারা কাজে যোগ দেন। শিক্ষার্থীরাও যথারীতি ক্লাস-পরীক্ষায় অংশ নিয়েছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আ ন ম ফজলুল হক পাঠান বলেন, শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনায় গত ২৩ জানুয়ারি থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের ক্লাসগুলো সাময়িক বন্ধ ছিল। তবে স্নাতকোত্তর পর্যায়ের ক্লাস-পরীক্ষা চলমান ছিল। আজ থেকে কলেজের কার্যক্রম পুরোপুরি চালু হয়েছে।
গত ১৯ জানুয়ারি সিনিয়র-জুনিয়র ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কর্তৃপক্ষ ২৩ জানুয়ারি অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করে। ওই দিনই সন্ধ্যার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। পরে গত শনিবার দুপুরে একাডেমিক কাউন্সিলের সভায় আজ থেকে ফের কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়।
এদিকে, মারধরের শিকার ছাত্রের অভিযোগের পরিপ্রেক্ষিতে ২১ জানুয়ারি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত তিন শিক্ষার্থী নিয়ামুল হক সিয়াম, আকিব মোস্তফা হিমেল ও অনুপম দত্তকে বহিষ্কার করে কলেজ প্রশাসন।

আইয়ুব আলী, ময়মনসিংহ