অবশেষে কুবিতে শুরু হচ্ছে ক্লাস পরীক্ষা
শিক্ষকদের আন্দোলনের কারণে টানা ১৯ দিন বন্ধ থাকার পর আগামী মঙ্গলবার থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ক্লাস ও পরীক্ষা শুরু হচ্ছে। আজ রোববার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘আগামী মঙ্গলবার থেকে শিক্ষকরা ক্লাস ও পরীক্ষায় ফিরে যাবেন। আজ শিক্ষক সমিতির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
গত ২২ জানুয়ারি থেকে ছয় দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে আন্দোলন শুরু করেন শিক্ষকরা। শিক্ষকদের আন্দোলনের কারণে ১৯টি বিভাগেই বন্ধ থাকে ক্লাসসহ সব ধরনের অ্যাডেমিক কার্যক্রম। ২২ জানুয়ারির পরে থেকে রোববার পর্যন্ত অন্তত ৩৩টি চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়।
শিক্ষকদের দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো ১৭ জানুয়ারি রাতে শিক্ষকের বাসায় হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, শিক্ষক লাঞ্ছনায় অভিযুক্ত ডিন এম এম শরীফুল করিমকে সব পদ থেকে অব্যাহতি দেওয়া, খালেদ সাইফুল্লাহ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এবং নতুন প্রক্টরকে প্রশাসনিক পদ থেকে অব্যাহতি দেওয়া।
এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, ‘ইংরেজি বিভাগের সভাপতি দায়িত্ব থেকে বিরত থাকার জন্য বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদন করেছিলেন এম এম শরীফুল করিম। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ তাঁকে ওই দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

কুবি সংবাদদাতা