পরিবেশ ভালো থাকলে শিগগিরই ছাত্র সংসদ নির্বাচন
পরিবেশ শান্ত থাকলে বিশ্ববিদ্যালয়গুলোতে শিগগিরই ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ শনিবার প্রধান অতিথি হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নবীন শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, রাষ্ট্রপতি ছাত্র সংসদের নির্বাচনের কথা বলেছেন। পরিবেশ শান্ত থাকলে বিশ্ববিদ্যালয়গুলোতে শিগগিরই সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা মন্ত্রিপরিষদের কোনো বিষয় নয়। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নেবে।
মন্ত্রীর বক্তব্যের মাঝে একজন সাংবাদিক প্রশ্ন করে বলেন, ‘এখন তো পরিবেশ শান্ত আছে। তাহলে নির্বাচন হচ্ছে না কেন?’
জবাবে মন্ত্রী বলেন, এ অবস্থা কয়েক মাস চলুক। পরিবেশ ঠিক থাকলে নির্বাচন হবে।
গত ৩০ মার্চ বেসরকারি সংস্থার (এনজিও) প্রতিনিধিদের সঙ্গে এক আলোচনায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি পাঁচগুণ বৃদ্ধি করা হবে বলে অর্থমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন। এর প্রতিবাদে ক্যাম্পাসে মানববন্ধন ও মন্ত্রীর গাড়িবহরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে জাবি শাখা ছাত্রফ্রন্ট। এ ছাড়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে অর্থমন্ত্রীর উদ্দেশে স্মারকলিপি দিয়েছে ছাত্র ইউনিয়ন জাবি সংসদ।

জাবি সংবাদদাতা