ডাকসু নির্বাচনের দাবিতে মিছিল, চড়াও হলেন শিক্ষকরা!
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির একাধিক সদস্য শিক্ষার্থীদের ওপর চড়াও হন বলে অভিযোগ উঠেছে।
আজ সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। এ সময় গণমাধ্যমের কর্মীরা দায়িত্ব পালন করতে গেলে তাঁদেরও বাধা দেওয়া হয়।
সূত্র জানায়, ডাকসু নির্বাচনের দাবিতে দুপুরে একাধিক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের ভেতরে বিক্ষোভ শুরু করেন। ওই সময় বিশ্ববিদ্যালয়ের সিনেট প্রতিনিধি নির্বাচন চলছিল। তখন ১৫ থেকে ২০ জন শিক্ষক সেখানে গিয়ে ওই বিক্ষোভ প্রতিহত করার চেষ্টা করেন। একপর্যায়ে শিক্ষকরা আন্দোলনকারীদের ওপর চড়াও হন।
এ সময় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাবি ছাত্রফ্রন্টের সভাপতি ইভা মজুমদার বলেন, ‘আমরা নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের ভেতরে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। এ সময় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রহমত উল্লাহ ও সহকারী প্রক্টর রবিউল ইসলামের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন শিক্ষক এসে আমাদের আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা করেন। একপর্যায়ে আমাদের নেতাকর্মীদের কিল-ঘুষি মারতে থাকেন।’
এ বিষয়ে জানতে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রহমত উল্লাহর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন ধরেননি।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ এনটিভি অনলাইনকে বলেন, ‘তাঁরা সিনেট প্রতিনিধি নির্বাচন চলাকালীন কেন এর ভেতরে এসে আন্দোলন করবে? তাদের বাইরে বিক্ষোভ করার কথা বলা হয়েছিল। কিন্তু তারা বাইরে যায়নি। তাই আমাদের কয়েকজন জুনিয়র শিক্ষক তাদেরকে বাইরে পাঠানোর চেষ্টা করে। কারোর ওপর চড়াও হয়নি।’
তবে ছাত্রদের ওপর শিক্ষকদের চড়াও হওয়ার ভিডিও ধারণ করতে গেলে বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ ২৪-এর সাংবাদিককে বাধা দেন কয়েকজন শিক্ষক। একই সময় ছবি তুলতে গেলে এনটিভি অনলাইনের সংবাদদাতার মোবাইল ছিনিয়ে নেন এক শিক্ষক। পরে সেটি ফেরত দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা