কুবিতে ‘পরিকল্পিতভাবে’ ভবন নির্মাণের দাবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘পরিকল্পিতভাবে’ ভবনসহ অন্যান্য স্থাপনা নির্মাণের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, পরিকল্পনা ছাড়াই ভবন নির্মাণ করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে।
ওই দাবিতে আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসের কাঁঠালতলায় ওই কর্মসূচির আয়োজন করা হয়। একাধিক শিক্ষক ওই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশ নেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘প্রতিটি বিশ্ববিদ্যালয়ে পরিকল্পিত উন্নয়নের রূপরেখা থাকে। কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কোনো পরিকল্পনা নেই। ছাত্র হলের মাত্র কয়েক হাত দূরেই ছাত্রী হল নির্মাণের কাজ চলছে। দুটি ছাত্র হলের পাশে যে জায়গা আছে, তা কোনো ভবন নির্মাণের জন্যই উপযোগী নয়। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেখানে ছাত্রী হল নির্মাণের কাজ করছে।’ শিক্ষার্থীরা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের জন্য বিশাল পরিসরের জায়গা দরকার কিন্তু প্রশাসন মাত্র কয়েক হাতের মধ্যে ভবনের পাদদেশে ভাস্কর্য নির্মাণ করছে।
মানববন্ধন শেষে এসব দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আলী আশরাফের কাছে স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা। এ ছাড়া শিক্ষার্থীরা জানান, ‘অপরিকল্পিতভাবে’ ভবন নির্মাণের সামগ্রী ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে না নিলে কঠোর আন্দোলনে যাওয়ার কথাও বলা হয়েছে স্মারকলিপিতে।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফের সঙ্গে কথা বলতে মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগ করা হয়। তবে তিনি ফোন ধরেননি।

কুবি সংবাদদাতা