ইবির বিএনপিপন্থী শিক্ষকদের পদত্যাগের হুমকি
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রকাশিত পকেট ডায়েরিতে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম বাদ দেওয়ার প্রতিবাদে বিএনপিপন্থী শিক্ষকরা পদত্যাগের হুমকি দিয়েছেন। আজ সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এ হুমকি দেন ইবি জিয়া পরিষদের শিক্ষক নেতারা।
বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত পকেট ডায়েরি ২০১৭-এ প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম এবং শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহিম মুছে দেওয়ার প্রতিবাদে আজ সংবাদ সম্মেলন করে ইবি জিয়া পরিষদ। এ সময় চারটি দাবি তুলে ধরে লিখিত বিবৃতি দেন শিক্ষক নেতারা।
দাবিগুলো হচ্ছে, প্রকাশিত ডায়েরিটি অনতিবিলম্বে বিতরণ ও বিপণন বন্ধ করতে হবে এবং বিতরণ করা ডায়েরি সবার কাছ থেকে প্রত্যাহার করতে হবে। ডায়েরিতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম ও বিসমিল্লাহির রাহমানির রাহিম সংযুক্ত করে ডায়েরি প্রকাশ করতে হবে। আগামী ১৯ জুনের মধ্যে এই দুটি নাম যুক্ত করতে পদক্ষেপ গ্রহণ না করলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের শিক্ষকরা সব প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করবেন। একই সঙ্গে ঈদুল ফিতরের পর বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে ইবি জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ডায়েরি থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মুছে দেওয়া হীনম্মন্যতার পরিচায়ক এবং অত্যন্ত ঘৃণ্যতম কাজ। ইবি জিয়া পরিষদ এ পকেট ডায়েরিকে প্রত্যাখ্যান করল। আগামী ১৯ জুনের মধ্যে ডায়েরি সংশোধন না করলে বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সব শিক্ষক তাঁদের প্রশাসনিক কার্যক্রম থেকে পদত্যাগ করবেন।’
এ সময় ইবি জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সেলিমের সঞ্চালনায় সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. আলীনূর রহমান, অধ্যাপক ড. ইয়াকুব আলী, অধ্যাপক ড. নূরুন নাহার, অধ্যাপক ড. মমতাজুল ইসলাম, অধ্যাপক ড. নজিবুল হক, অধ্যাপক ড. আব্দুল মালেক, অধ্যাপক ড. রুহুল আমীন, অধ্যাপক মিজানুর রহমানসহ জিয়া পরিষদ ইবি শাখার শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।
এ দিকে আজ সোমবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের ডায়েরি-২০১৭ এর শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহিম ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম মুছে দেওয়ার প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। তারা দ্রুত সময়ের মধ্যে পকেট ডায়েরি সংশোধন করার দাবি জানিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে।

ইবি সংবাদদাতা