হামলাকারীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার দাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত ইংরেজি দৈনিক ডেইলি স্টারের প্রতিনিধি আরাফাত রহমানকে মারধরের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর আরাফাত নিজেই এ অভিযোগপত্র দেন।
অভিযোগপত্রের অনুলিপি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ছাত্র উপদেষ্টা, জনসংযোগ দপ্তরের প্রশাসক বরাবরও পাঠানো হয়।
আরাফাত রহমান বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, মারধরকারীদের মধ্যে ফলিত গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহমুদুর রহমান কানন, আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম বিজয়, ফলিত গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আহমেদ সজীব এবং আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবিদ হাসান লাবনকে চিহ্নিত করতে সক্ষম হয়েছেন আরাফাত।
এ ছাড়া ছবি দেখে এবং প্রত্যক্ষদর্শীদের সহযোগিতায় ইসলামের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইমতিয়াজ, ফলিত গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নয়ন চন্দ্র রায় এবং ভাষা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানিউর রহমান সানিকে মারধরকারী হিসেবে শনাক্ত করতে পেরেছেন বলে উল্লেখ করা হয়। তারা সবাই রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
আরাফাত রহমান বলেন, ‘ছবি দেখে এবং প্রত্যক্ষদর্শীদের সহযোগিতায় আমি তাদের চিনতে সক্ষম হয়েছি। তাই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।’
অভিযোগপত্রে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারসহ যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়।
তবে দুপুর ১২টা পর্যন্ত কোনো অভিযোগপত্র পাননি বলে জানান প্রক্টর ড. মো. মজিবুল হক আজাদ খান। আগামীকাল বুধবার অফিসে গিয়ে দেখবেন বলে জানান তিনি।
তবে অভিযোগপত্রের অনুলিপি পাওয়ার কথা নিশ্চিত করেছেন ছাত্র উপদেষ্টা ড. মো. মিজানুর রহমান।
গতকাল সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফটকে দেশ ট্রাভেলসের বাস ভাঙচুর করছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি আহমেদ সজীব, সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান লাবন, আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাননসহ ১০-১২ জন নেতাকর্মী। ওই ঘটনার ছবি তোলায় সাংবাদিক আরাফাতকে বেধড়ক মারধর করেন তাঁরা।
ওইদিন রাতে নগরীর মতিহার থানায় সাংবাদিক আরাফাত বাদী হয়ে চার ছাত্রলীগ নেতার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে ‘হত্যাচেষ্টা’র অভিযোগে মামলা করেন। আসামিরা হলেন মাহমুদুর রহমান কানন, সাইফুল ইসলাম বিজয়, আহমেদ সজীব ও আবিদ আহসান লাবন।


রাবি সংবাদদাতা