চার দফা দাবিতে রাবির উপাচার্যকে স্মারকলিপি
চার দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে এ স্মারকলিপি দেন তাঁরা।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো, কেন্দ্রীয় গ্রন্থাগার সপ্তাহে সাতদিন খোলা রাখা, ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধি, বাসের ট্রিপ বৃদ্ধি ও ডাইনিংয়ে খাবারের মান বৃদ্ধি।
উপাচার্য অসুস্থ থাকায় শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের কথা বিবেচনা না করে অযৌক্তিকভাবে বাসের ট্রিপ কমিয়ে আনা হয়েছে। এতে দূর থেকে যাতায়াতকারী শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন। ডাইনিংয়ে খাবারের দাম বাড়ানোর পরও নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে। অন্যদিকে, নতুন সূচি অনুযায়ী সপ্তাহে দুদিন গ্রন্থাগার বন্ধ রাখার ফলে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। তাই শিক্ষার্থীদের চার দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।
স্মারকলিপি গ্রহণের সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুজিবুল হক আজাদ খান ও ছাত্র উপদেষ্টা মো. মিজানুর রহমান।
সাধারণ শিক্ষার্থীদের পক্ষে স্মারকলিপি দেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আবদুল মজিদ অন্তর, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মাহমুদুল মিঠু এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মোস্তাফিজুর রহমান।

রাবি সংবাদদাতা