রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র আর্কাইভের যাত্রা শুরু
প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চলচ্চিত্র আর্কাইভ (আরইউএফএ)। আর্কাইভে রাজশাহীসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় স্থানীয়ভাবে নির্মিত চলচ্চিত্রের কপি সংরক্ষিত থাকবে।
ওই আর্কাইভে দেশ-বিদেশের কালজয়ী চলচ্চিত্রসহ সাম্প্রতিক নানা চলচ্চিত্রের সিডি-ডিভিডি-হার্ডড্রাইভ কপি, চলচ্চিত্রবিষয়ক পোস্টার, চলচ্চিত্রবিষয়ক নানা বই, পত্রপত্রিকা-জার্নাল সংরক্ষিত থাকবে।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে রাবি চলচ্চিত্র সংসদ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাবি চলচ্চিত্র সংসদের (রাবিচস) একটি সহযোগী সংগঠন হিসেবে কয়েক মাস আগে এই আর্কাইভ গড়ে তোলার কাজ শুরু হয়। সব প্রস্তুতি শেষে আজ বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনে সংগঠনের কার্যালয়ে এই ফিল্ম আর্কাইভের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। আজ সংগঠনের সভায় এই ফিল্ম আর্কাইভের সাত সদস্যের ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ বকুলকে সভাপতি ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মো. ইমরুল কায়েস অনির্বাণকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে এই আর্কাইভের কমিটি ঘোষণা করা হয়। দুই বছরের জন্য গঠিত এই কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক সাকিবুর রহমান, প্রকাশনা সম্পাদক আল শাহরিয়ার সুমন, সদস্য শম্পা বিশ্বাস, সাব্বিরুল ইসলাম শিমুল।
উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে নির্মিত চলচ্চিত্রগুলোর কপি এই আর্কাইভে জমাদানে যোগাযোগ করা যাবে ০১৭৫৫৪৯৭৩৬৩ (অনির্বাণ), ০১৭০৩৩৭০০৩৭ (নাজমুল), ০১৭৪৭৭৬৭০৪৫ (সাকিব) ও সুরঞ্জিত (০১৭৮১৯৩৭৩০১) এই নম্বরগুলোতে।

রাবি সংবাদদাতা