রাবিতে চারদিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চতুর্থবারের মতো শুরু হয়েছে চারদিনব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন। এবারের প্রতিপাদ্য ‘উদ্ভাবন, নেতৃত্ব ও সামাজিক নিরাপত্তায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাতে যুবসমাজকে সম্পদ হিসেবে অবদান রাখতে উৎসাহী করা।’
আজ শুক্রবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ সম্মেলনের উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য (এমপি) মো. আবুল কালাম।
অনুষ্ঠানে এমপি আবুল কালাম বলেন, তরুণরা সারা বিশ্বের গুরুত্বপূর্ণ একটা অংশ। তাঁরা আত্মপ্রত্যয়ী হয়ে যুগান্তকারী আবিষ্কারের মাধ্যমে বিশ্বকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধেও তরুণদের ভূমিকা অনস্বীকার্য।
এমপি আরো বলেন, আজকের যুবসমাজকে আন্তর্জাতিকভাবে গড়ে তোলা ও তরুণদের দক্ষ নেতৃত্ব বিকাশে ইউনিস্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এ ছাড়া ইউনিস্যাবের মাধ্যমে তরুণরা একদিন বিশ্বের প্রতিনিধিত্ব করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ইউনিস্যাব-বাংলাদেশের সভাপতি মুহাম্মদ মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহমুদ হাসান, রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, সাবেক ছাত্র-উপদেষ্টা ড. সাদেকুল আরেফিন, ইউনাইটেড নেশনস ইনফরমেশন (ইউএনআইসি) ঢাকার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিস্যাবের রাজশাহী বিভাগীয় শাখার সহযোগী সদস্য মোবাশ্বিরা মারচি।

রাবি সংবাদদাতা