জাবিতে প্রক্সি দিয়ে ঢাবির সাবেক ছাত্রের কারাদণ্ড
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার শেষ দিনে অন্য একজনের হয়ে পরীক্ষা (প্রক্সি) দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক এক ছাত্রকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার রাত সাড় ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণব কুমার এই সাজা দেন।
কারাদণ্ডপ্রাপ্ত মনির হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০০৮-০৯ শিক্ষাবর্ষের (৩৭ ব্যাচ) আইন বিভাগের শিক্ষার্থী। রাতেই তাঁকে আশুলিয়া পুলিশের হাতে তুলে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মনির হোসেন ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে (টিন শেড ১০০৫ নম্বর কক্ষ) থাকতেন। তিনি ইতিমধ্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তাঁর গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার বালুচর ইউনিয়নের খাসকান্দি গ্রামে।
এ বিষয়ে জাবির প্রক্টর তপন কুমার সাহা জানান, মঙ্গলবার ‘এফ’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালে জাবির পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের দুই নম্বর কক্ষ থেকে মনির আটক হন। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেতুর সঙ্গে এক লাখ টাকার চুক্তিতে ওমর ফারুক বাবু (রোল নং ৬২০৩২৫) নামের এক শিক্ষার্থীর পরিবর্তে পরীক্ষা দিতে এসেছিলেন। পরে তিনি ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনা স্বীকার করেছেন।
রায় প্রদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভারের সহকারী কমিশনার (ভূমি) তথা এসি (ল্যান্ড) প্রণব কুমার ঘোষ জানান, পাবলিক পরীক্ষা অপরাধ আইন ১৯৮০-এর ৩ (খ) ধারা অনুযায়ী মনিরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি একটি বড় ভর্তি পরীক্ষা জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত।

জাহিদুর রহমান