রাবিতে ভর্তি পরীক্ষার প্রকৌশল অনুষদের ফল প্রকাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রকৌশল অনুষদের (এইচ ইউনিট) ফল প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।
‘এইচ’ ইউনিটের ২৭২ টি আসনের বিপরীতে ‘এইচ-১’ শিফট থেকে ৪৭৬ জন এবং ‘এইচ-২’ শিফট থেকে ৪৮২ জন এবং ‘এইচ-৩’ শিফট থেকে ৪৬৩ জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। আগামী ২০ ও ২১ নভেম্বর সাক্ষাৎকারের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া হবে।
ওয়েবসাইটে প্রকাশিত প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মামুন-উর-রশীদ খন্দকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকারের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। সাক্ষাৎকারের সময় মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র এবং মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে রাখতে হবে। এ ছাড়া পরীক্ষার হলে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্রটিও আনতে হবে। সাক্ষাৎকারের পর ভর্তির জন্য চূড়ান্ত মেধা ও অপেক্ষমাণ তালিকা আগামী ২৬ নভেম্বর প্রকাশ করা হবে।
এ ছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.admission.ru.ac.bd) পাওয়া যাবে।

রাবি সংবাদদাতা