কুষ্টিয়া সরকারি কলেজে ‘বিশ্ববিদ্যালয় মেলা’ শুরু
কুষ্টিয়া সরকারি কলেজে দুই দিনব্যাপী ‘বিশ্ববিদ্যালয় মেলা’ শুরু হয়েছে। ভর্তিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় সব তথ্য শিক্ষার্থীদের জানাতে মেলাটির আয়োজন করেছে ক্যাম্পাস বিডি ডটনেট ও ভেনটুরাস লিমিটেড। আজ শনিবার বেলা ১১টায় মেলাটির উদ্বোধন করেন কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
মেলাটির উদ্বোধন উপলক্ষে কলেজের মুক্ত মঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আতাউর রহমান আতা। সভায় মূল বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মনজুর কাদের এবং ভেনটুরাস লিমিটেডের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিইও ইওরিকা ইয়দা।
এ ছাড়া বিশেষ অতিথির বক্তব্য দেন কুষ্টিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক লাল মোহাম্মদ, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সাইফুদ-দৌলা তরুণ, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষার প্রমুখ।

দুই দিনব্যাপী এই মেলা উপলক্ষে সরকারি কলেজ প্রাঙ্গণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টল বসানো হয়েছে। সরকারি কলেজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে এরই মধ্যে জমজমাট হয়ে উঠেছে মেলা। তারা কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ের ভর্তিসহ অন্য সব তথ্য সংগ্রহ করছে।
আগামীকাল মেলার দ্বিতীয় দিনে কলেজের মুক্ত মঞ্চে জাপানের বিখ্যাত সংগীত দল বাজনা বেটের শিল্পীদের সংগীত পরিবেশন করার কথা রয়েছে।
দুই দিনব্যাপী এই মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া