শুধু পানি পান করে অনশনের এক সপ্তাহ পার!
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে ওয়ালিদ আশরাফ নামে এক শিক্ষার্থীর অনশনের এক সপ্তাহ পার হয়েছে। এই এক সপ্তাহ কেবল পানি পান করে বেঁচে আছেন বলে দাবি তাঁর।
আজ শনিবার মোমবাতি প্রজ্বালন করে ওয়ালিদের সঙ্গে সংহতি জানান বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও বিভিন্ন বাম সংগঠনের নেতাকর্মীরা।
সন্ধ্যায় ডাকসু নির্বাচনের দাবি জানিয়ে স্মৃতি চিরন্তনের মূল বেদিতে মোমবাতি জ্বালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাম দল সমর্থিত গোলাপি দলের আহ্বায়ক অধ্যাপক ড. এম এম আকাশ, সদস্য অধ্যাপক ড. নেহাল করিম, অধ্যাপক সুমন কান্তি বড়ুয়া, অধ্যাপক মোহাম্মদ মহিউদদীন প্রমুখ।
ওয়ালিদ আশরাফের অনশনে সংহতি জানিয়ে অধ্যাপক এম এম আকাশ বলেন, দীর্ঘ ২৭ বছর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বন্ধ আছে। ক্ষমতাসীনরা নিজেদের স্বার্থেই ডাকসুকে অচল করে রেখেছে। এ নির্বাচন না হলে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনকে প্রশ্নবিদ্ধ করে।
ডাকসু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক চেতনার বিকাশ ও অধিকার আদায়ের মঞ্চ উল্লেখ করে এই শিক্ষক বলেন, বর্তমান প্রজন্মের সাধারণ শিক্ষার্থীরা নেতৃত্ব দিতে না পারায় তারা রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। হাইকোর্টের রায় অনুযায়ী ডাকসু নির্বাচনের দ্রুত তফসিল ঘোষণাও দাবি জানান তিনি।
ওয়ালিদ আশরাফ বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের এমএসএস (সান্ধ্যকালীন) ২০১৩-২০১৪ বর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের রাশিয়ান ভাষার শিক্ষার্থী।
গত শনিবার বিকেল ৫টা থেকে অনশন করছেন ওয়ালিদ আশরাফ। ডাকসু নির্বাচনের দাবিতে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলেও তিনি জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা