ইবির ভর্তিযুদ্ধে প্রতি আসনে লড়বে ২৭ শিক্ষার্থী
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন গত মঙ্গলবার রাত ১২টায় জমাদানের সময় শেষ হয়েছে। এতে মোট ২৩০৫ আসনের বিপরীতে ৬১ হাজার ৯৪২ শিক্ষার্থী আবেদন করেছে। আজ বুধবার ভর্তি পরীক্ষা টেকনিক্যাল উপকমিটির সদস্য সচিব অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ এসব তথ্য জানিয়েছেন।
সূত্র মতে, গত ১ সেপ্টেম্বর রোববার থেকে ১ অক্টোবর মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ভর্তি আবেদনপত্র জমা নেয় কর্তৃপক্ষ। এতে বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিটের অধীনে আট অনুষদভুক্ত ৩৪ বিভাগের ২৩০৫ আসনে ৬১ হাজার ৯৪২ জন ভর্তিচ্ছু আবেদন করে। এর মধ্যে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে দুই হাজার ২২৩টি আবেদন জমা পড়েছে। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেবে নয়জন ভর্তিচ্ছু।
এদিকে কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে এক হাজার ৬৫টি আসনের বিপরীতে ২৭ হাজার ৬৩৭টি আবেদন জমা পড়েছে। এই ইউনিটে প্রতিটি আসনের জন্য লড়বে ২৬ ভর্তিচ্ছু। এ ছাড়া ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ৪৫০টি আসনের বিপরীতে আট হাজার ৯৩০টি আবেদন পড়েছে। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বে ২০ ভর্তিচ্ছু।
এদিকে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি এবং জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে লড়বে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী। এতে ৫৫০ আসনের বিপরীতে ২৩ হাজার ১৫২টি আবেদন পড়েছে। প্রতি আসনের জন্য লড়বে ৪২ ভর্তিচ্ছু শিক্ষার্থী।
উল্লেখ্য, আগামী ৪ থেকে ৭ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছুরা আগামী ১৬ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে অনলাইনে প্রবেশপত্র উত্তোলন করতে পারবে। এ ছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (http://www.iu.ac.bd) থেকে জানা যাবে।

ইবি সংবাদদাতা