ভিক্ষা নয় দীক্ষা চান প্রতিবন্ধীরা
বেলা ১১টা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আকাশে উড়ছে হরেক রকমের বেলুন। সবাই অনেক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে তাকিয়ে আছে বেলুনগুলোর দিকে। ওপরের দৃশ্যটি অনেক জাঁকজমকপূর্ণ হলেও নিচের চিত্রটি সম্পূর্ণ আলাদা। শহীদ মিনারে দাঁড়িয়ে কয়েকশ শিক্ষার্থী। তাদের মধ্যে কয়েকজনের চিত্র সম্পূর্ণ ভিন্ন। এদের কারো দুই হাত নেই, কারো পা নেই, কারো কারো বা দেখার মতো কোনো সামর্থ্য নেই, কেউ বা আবার হুইল চেয়ারের মধ্যে আবদ্ধ।
সমাজ এদের আখ্যা দিয়েছে প্রতিবন্ধী হিসেবে। সমাজব্যবস্থায় তাদের তেমনভাবে মূল্যায়ন করা হয় না। অনেক সময় ন্যায্য প্রাপ্যটুকুও তাদের দেওয়া হয় না। তাই প্রশ্ন ওঠে অধিকার আদায়ের।
এই প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে থেকে তাদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ)। তাদের অধিকার আদায়কে আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি দিয়েছে বিশ্ব। আর এ জন্যই ৩ ডিসেম্বর পালিত হয়েছে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস হিসেবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০১৫।
দিবসটি উপলক্ষে শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্র বের করে ফিজিক্যালি চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা।
শোভাযাত্রাটি শহীদ মিনার থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের মূল সড়কগুলো প্রদক্ষিণ করে অমর একুশের সামনে গিয়ে শেষ হয়।
এর আগে দিবসটি তাৎপর্য তুলে ধরার জন্য বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিএফ বিশ্ববিদ্যালয় শাখার প্রধান উপদেষ্টা ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ টি এম আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টামণ্ডলীর সদস্য পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এ মামুন, আইবিএ-জেইউর সহকারী অধ্যাপক আইরিন আখতার।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মোকাম্মেল এইচ ভূঁইয়া, আইবিএ-জেইউর অধ্যাপক কামরুল আরেফিন, আইন ও বিচার বিভাগের সভাপতি মো. রবিউল ইসলাম, পিডিএফ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ, হাসানুল বান্না ইফতেখারুল আরেফিন, পিডিএফ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কাউসার হামিদ, সাধারণ সম্পাদক মো. সুমন আলী প্রমুখ।
অধ্যাপক ড. এ টি এম আতিকুর রহমান বলেন, ‘আমরা সবাই কোনো না কোনোভাবে প্রতিবন্ধী। কাজেই কাউকে প্রতিবন্ধী হিসেবে দেখার কোনো সুযোগ নেই। যাদের একটু শারীরিক সমস্যা রয়েছে, আমরা তাদের পাশে থাকলে তারা কোনোভাবেই তাদের সমস্যার কথা বুঝতে পারবে না। সমাজ তাদের যথাযথ মর্যাদা দিলে তারাও বিভিন্ন ক্ষেত্রে অনেক অবদান রাখতে পারবে।’ তিনি প্রতিবন্ধীদের পাশে থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান।
অধ্যাপক এ এ মামুন বলেন, ‘প্রতিবন্ধীবান্ধব বিশ্ববিদ্যালয় তথা দেশ গড়ার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আর এ জন্য তাদের পাশে থাকা আমদের একান্ত দায়িত্ব।’
সংগঠনটির সভাপতি কাউসার হামিদ বলেন, ‘আমরা যতদিন আছি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে থাকব এবং তাদের অধিকার নিয়ে কাজ করব।’
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ইদ্রিস আলী বলেন, ‘আমরা ভিক্ষা নয়, দিক্ষা চাই। আমরা আমাদের যথাযথ প্রাপ্যটুকু পেলেই সমাজের প্রতিটি ক্ষেত্রে অবদান রাখতে সক্ষম হব। আমরা সমাজের অন্যদের মতো স্বপ্ন দেখি সমাজকে ঢেলে সাজাতে।’
ইদ্রিস আলী আরো বলেন, ‘আমরা সমাজের করুণার পাত্র হয়ে থাকতে চাই না। আমরা সমাজের স্বাভাবিক মানুষদের মতো করে বাঁচতে চাই।’
পিডিএফ ২০০৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যাত্রা শুরু করে বর্তমানে দেশের ১৩টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করছে।

শফিক সারওয়ার সুমন