ঢাবিতে ‘বঙ্গবন্ধু চেয়ার’-এর মূলধন বৃদ্ধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু চেয়ার’-এর মূলধন বৃদ্ধির লক্ষ্যে বেগম জেবুন্নেছা ও কাজী মাহবুব উল্লাহ জনকল্যাণ ট্রাস্ট ফান্ডের পক্ষ থেকে আরো ৫৮ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা অনুদান দেওয়া হয়েছে।
ফান্ডের ট্রাস্টি বোর্ডের সদস্য মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারপারসন সংসদ সদস্য নিলুফার জাফর উল্যাহ আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের কাছে অনুদানের এই চেক হস্তান্তর করেন। এই অনুদানের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় ‘বঙ্গবন্ধু চেয়ার’-এর মূলধন এক কোটি টাকায় উন্নীত হলো।
উপাচার্য দপ্তরে আয়োজিত এই চেক হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের পরিচালক অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, ব্যাংকের স্পন্সর শেয়ারহোল্ডার কাজী জাফর উল্যাহ, বেগম জেবুন্নেছা ও কাজী মাহবুব উল্লাহ ট্রাস্ট ফান্ডের চেয়ারপারসন জোবায়দা মাহবুব লতিফ, মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ-জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ‘বঙ্গবন্ধু চেয়ার’-এর মূলধন বৃদ্ধির লক্ষ্যে অনুদান দেওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, এই অনুদানের ফলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনসহ বিভিন্ন বিষয়ে পরিচালিত গবেষণা কার্যক্রম আরো গতিশীল হবে। তিনি ‘বঙ্গবন্ধু চেয়ার’-এর সম্মান ও মর্যাদা রক্ষায় আন্তরিকভাবে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রতিষ্ঠা করা হয়।

ঢাবি সংবাদদাতা