ইবিতে আত্ম-মূল্যায়নে সচেতনতা বিষয়ক সেমিনার
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)আত্ম-মূল্যায়নে সচেতনতা তৈরির কৌশল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সেলফ অ্যাসেসমেন্ট কমিটির আয়োজনে বিভাগীয় হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বিভাগীয় শিক্ষক মো. কামরুজ্জামানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইনস্টিটিউট অব কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. হারুন উর-রাশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শামসুল আলম।
দিনব্যাপী সেমিনারের মূল আলোচনায় উপাচার্য ড. হারুন উর-রাশিদ আসকারী আত্ম-মূল্যায়নে সহায়ক কার্যকরী পদক্ষেপগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিজ্ঞানের মানসম্মত সিলেবাস বা কারিকুলাম গঠনের জন্য গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়েও আলোচনা করেন তিনি।
অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। বিভাগের প্রত্যেকটি শিক্ষার্থীর মান উন্নয়নে আমরা কাজ করব। দুর্বল মেধার শিক্ষার্থীদের সঠিকভাবে পরিচর্যা করে চাকরি ক্ষেত্রে ভালো পজিশনে যাওয়ার জন্য মানসম্মত শিক্ষার্থী হিসেবে গড়ে তুলব। আর যারা পড়াশুনায় যথেষ্ট ভালো তাদেরও চাকরি ক্ষেত্রে ভালো পজিশনে যেতে সহযোগিতা করব।’
ড. রেজাউল করিম আরো বলেন, ‘বিভাগের সাবেক শিক্ষার্থীদেরকে নিয়ে অতি দ্রুত অ্যালমোনাই অ্যাসোসিয়েশন গঠন করব। এতে বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে সাবেক শিক্ষার্থীদের যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে চাকরি বিষয়ক তথ্যের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সহযোগিতা বৃদ্ধি পাবে।’
এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় শিক্ষক অধ্যাপক ড. দীপক কুমার পাল, অধ্যাপক ড. আব্দুস সামাদ, অধ্যাপক ড. এ এস এম আয়নুল হক আকন্দ, ড. আব্দুর রউফ, অধ্যাপক ড. বাবলী সাবিনা আযহার, ড. এ টি এম মিজানুর রহমান, ড. আবুল কাসেম তালুকদার, ড. হাফিজুর রহমান, ড. সেলিম রেজা, মো. তৌফিক এলাহী, শেখ শাহিনুর রহমান, মোমিনুল ইসলাম, শাম্মী আক্তারসহ বিভাগীয় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

ইবি সংবাদদাতা