গাইবান্ধার সাঁওতাল পরিবারগুলোর পৈতৃক জমি ফেরতের দাবি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের পৈতৃক ভূমি থেকে উচ্ছেদ, অগ্নিসংযোগ, হত্যার ঘটনার প্রতিবাদ ও এর বিচারের দাবিতে মানববন্ধন করেছে আদিবাসী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব রাজশাহী ইউনিভার্সিটি (আসারু)।
আজ সোমবার বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে এ মানবন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধন থেকে ক্ষতিগ্রস্ত সাঁওতাল পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিয়ে পুনর্বাসন এবং তাদের পৈতৃক জমি ফেরত দেওয়ার দাবি জানানো হয়।
মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী উইলসন সরেন। তিনি বলেন, ‘সাঁওতালরা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। কিন্তু বর্তমানে এ স্বাধীন বাংলাদেশের ভূমিতে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে সাঁওতাল সম্প্রদায় নানা নির্যাতনের শিকার হচ্ছে। গত ৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে চিনিকল মালিক শ্রমিক ও পুলিশ বাহিনী হামলা চালায়। এতে পুলিশের গুলিতে চারজন নিহত হয়। আমরা এ হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।’
সৌরভ মুর্মুর সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন আসারুর অর্থ সম্পাদক সুমন হেমরম, রাজশাহী শাখা সান্তাল স্টুডেন্টস ইউনিয়নের (সাসু) সভাপতি সুবাস মুর্মু, রাবি শাখা কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল মজিদ অন্তর, গণযোগাযোগও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলাম, সজীব কিস্কু, আসারুর উপদেষ্টা লক্ষ্মীরাম মুর্মু প্রমুখ।
এর আগে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি প্রতিবাদী র্যালি বের করেন আদিবাসী শিক্ষার্থীরা। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়। র্যালি ও মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

রাবি সংবাদদাতা