জুলাই অভ্যুত্থানের স্মরণে ঢাবিতে ‘রান ফর জাস্টিস’ অনুষ্ঠিত
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ, ন্যায়বিচারের বার্তা ছড়িয়ে দেওয়া এবং সুস্থ জীবনধারাকে উৎসাহিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই রান ২০২৬: সিজন-২, রান ফর জাস্টিস’।
গতকাল বুধবার (৫ আগস্ট) আয়োজিত এই দৌড় প্রতিযোগিতায় প্রায় দুই হাজার শিক্ষার্থী ও রানার অংশ নেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জুলাই গণ-অভ্যুত্থানে আত্মত্যাগকারীদের স্মরণ এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয়কে সামনে রেখেই এ আয়োজন করা হয়েছে। সীমিত সময় ও নানা ধরনের চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
আয়োজকরা অংশগ্রহণকারী রানারদের সময়ানুবর্তিতা, শৃঙ্খলা, ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে অনিবার্য কারণে যারা অংশ নিতে পারেননি, তাদের জন্য ভবিষ্যতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন তারা।
অনুষ্ঠানটি বাস্তবায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ক্রীড়া সম্পাদক, স্বেচ্ছাসেবক, চিকিৎসক, নিরাপত্তাকর্মী, গণমাধ্যমকর্মী, স্পন্সর ও অন্যান্য সহযোগীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন আয়োজকরা। বিশেষভাবে বিভিন্ন হলের ক্রীড়া সম্পাদক, ন্যাশনাল ডিবেট ফেডারেশন (এনডিএফ), ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাব এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি ধন্যবাদ জানানো হয়।
আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও ডাকসুর ভাইস প্রেসিডেন্ট (ভিপি) সাদিক কায়েমসহ ডাকসুর কয়েকজন প্রতিনিধি এতে অংশ নেন।
অনুষ্ঠান শেষে আয়োজকরা বলেন, আয়োজনে কোনো অনিচ্ছাকৃত ত্রুটি বা অসুবিধা হয়ে থাকলে তারা আন্তরিকভাবে দুঃখিত। অংশগ্রহণকারী ও সংশ্লিষ্টদের গঠনমূলক মতামতকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে এবং আরও সুশৃঙ্খলভাবে এ আয়োজন করার প্রত্যাশার কথাও জানান তারা।

এনটিভি অনলাইন ডেস্ক