নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘অরেটরস এজ ২.০’ পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সাগর
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) মার্কেটিং ক্লাবের উদ্যোগে সফলভাবে সম্পন্ন হয়েছে পাবলিক স্পিকিং প্রতিযোগিতা ‘অরেটরস এজ ২.০’। এতে অসাধারণ বাচনভঙ্গি ও উপস্থাপনার সুবাদে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মো. সাগর উদ্দীন।
বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে বর্ণাঢ্য আয়োজনে এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দর্শন বিভাগের শিক্ষার্থী আশকা আলম প্রথম রানারআপ এবং মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মনির বেপারী দ্বিতীয় রানারআপ হয়েছেন। শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, গঠনমূলক চিন্তাভাবনা ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে ছিল জনপ্রিয় গণমাধ্যম ‘এনটিভি অনলাইন’।
তিনটি ধাপে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার প্রথম পর্বে অনলাইনে ভিডিও সাবমিশনের মাধ্যমে বাছাই সম্পন্ন হয়। পরবর্তীতে সেমিফাইনালে লটারির মাধ্যমে নির্ধারিত তাৎক্ষণিক উপস্থিত বক্তৃতায় স্বতঃস্ফূর্ত দক্ষতা দেখিয়ে চূড়ান্ত পর্বে স্থান করে নেন সেরা ১০ জন প্রতিযোগী। গ্র্যান্ড ফিনালেতে বিচারকদের মূল্যায়নে বিষয়বস্তুর গভীরতা, আত্মবিশ্বাস ও সামগ্রিক উপস্থিতির বিচারে সেরাদের নির্বাচিত করা হয়।
চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বাটারফ্লাই ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের এইচআর ও অ্যাডমিন প্রধান মোহাম্মদ আরেফিন রহমান, গ্রামীণফোন লিমিটেডের ময়মনসিংহ সার্কেলের প্রজেক্ট লিড জাহিদুল ইসলাম এবং সিসিআই বাংলাদেশের অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েট মো. হাবিবুর রহমান।
আয়োজক জাককানইবি মার্কেটিং ক্লাবের সভাপতি মো. তানভীর আহাম্মেদ জানান, শিক্ষার্থীদের কথা বলার জড়তা কাটিয়ে প্রফেশনাল প্ল্যাটফর্মে নিজেদের প্রমাণ করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও সনদ তুলে দেওয়া হয়।

রোহান চিশতী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়