কুয়ালালামপুরে মা দিবসের অনুষ্ঠানে মুগ্ধ তানহা তাসনিয়া
মা দিবস উপলক্ষে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন জনপ্রিয় টিভি অভিনেত্রী তানহা তাসনিয়া ইসলাম। বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়ার (বিয়াম) উদ্যোগে রাজধানী কুয়ালালামপুরের হোটেল জি-টাওয়ারে এই বিশেষ আয়োজনটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এনটিভির সাথে আলাপকালে তানহা তাসনিয়া ইসলাম বলেন, মা দিবসে সকল মায়েদের প্রতি জানাই অনেক ভালোবাসা। তবে সত্যি বলতে, মায়েদের জন্য আলাদা কোনো নির্দিষ্ট দিবস হয় না। যার জীবনে মা বেঁচে আছেন, তার প্রতিটি দিনই মা দিবস। আর যাদের মা আজ পৃথিবীতে নেই, তাদের জন্য রইলো অনেক অনেক দোয়া ও শ্রদ্ধা।
তানহা তাসনিয়া বলেন, মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীরা নিজেদের পরিবার ও মায়ের কাছ থেকে অনেক দূরে থাকলেও এই আয়োজনের মাধ্যমে তারা যেন মায়ের প্রতি নিজেদের ভালোবাসা প্রকাশের একটি সুন্দর সুযোগ পেয়েছে। তাদের এই আবেগ ও সৃজনশীলতা দেখে আমি সত্যিই অভিভূত।
আয়োজক সংগঠন ‘বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া’ জানায়, প্রবাসে থাকা তরুণ শিক্ষার্থীদের মধ্যে দেশীয় সংস্কৃতি ও পারিবারিক মূল্যবোধ অটুট রাখতেই এই আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের আবেগঘন অংশগ্রহণ ও সাংস্কৃতিক পরিবেশনা এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
সবশেষে পৃথিবীর সকল মায়ের সুস্থতা ও মঙ্গল কামনা করেন অভিনেত্রী তানহা তাসনিয়া। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া