প্রিতম-জেফার-পূজা-তমাকে ঘিরে মালয়েশিয়ায় উচ্ছ্বসিত প্রবাসীরা
মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে এবার ঈদ উৎসবের বাড়তি আমেজ তৈরি হয়েছে। দেশের জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান, জেফার ও প্রতীক হাসানের পাশাপাশি ঢালিউড অভিনেত্রী পূজা চেরি ও তমা মির্জার আগমনকে ঘিরে ইতোমধ্যেই কুয়ালালামপুর জুড়ে ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
আগামী ২৪ মে কুয়ালালামপুরের মিনারা পিজিআরএম টাওয়ার ২-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে জমকালো সাংস্কৃতিক আয়োজন ‘সোনালী সন্ধ্যা’। ‘এমএস গোল্ড প্রেজেন্টস সোনালী সন্ধ্যা, পাওয়ারড বাই সোনালী জুয়েলস’ শীর্ষক এই বিশেষ অনুষ্ঠানটি বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। এনএস ইউনিক গ্লোবাল এসডিএন বিএইচডির ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে এক মঞ্চে পারফর্ম করবেন বাংলাদেশের জনপ্রিয় সংগীত ও চলচ্চিত্র অঙ্গনের তারকারা।
অনুষ্ঠানে গান পরিবেশন করবেন প্রীতম হাসান, জেফার ও প্রতীক হাসান। পাশাপাশি দর্শকদের জন্য বিশেষ নৃত্য ও পারফরম্যান্স নিয়ে হাজির হবেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি ও তমা মির্জা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে থাকবেন রাফসান ও তাবাসসুম প্রিয়াঙ্কা। এছাড়া প্রবাসীদের জন্য ভিন্নধর্মী উৎসবের আবহ তৈরি করতে আয়োজনে আরও থাকছে ডিজে আভিলার লাইভ পারফরম্যান্স।
মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা জানান, দেশের জনপ্রিয় তারকাদের সরাসরি পারফরম্যান্স উপভোগ করার সুযোগ খুব কমই আসে। তাই ‘সোনালী সন্ধ্যা’ ঘিরে তরুণ প্রজন্মসহ সব বয়সী প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উন্মাদনা তৈরি হয়েছে।
আয়োজক কমিটির সদস্যরা জানান, এই আয়োজন শুধু একটি কনসার্ট নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের একটি বড় মিলনমেলা। দেশের সংস্কৃতি, গান ও বিনোদনের মাধ্যমে ঈদের আনন্দ সবার মাঝে একসঙ্গে ভাগাভাগি করে নেওয়াই তাদের মূল লক্ষ্য।
উল্লেখ্য, এই বর্ণিল অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি। সরাসরি উপস্থিত হতে না পারলেও প্রবাসীদের জন্য পুরো অনুষ্ঠানটি উপভোগ করার সুযোগ থাকছে ঈদের পরের দিন এনটিভির পর্দায়।

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া