আপনার জিজ্ঞাসা
কতদিন পরপর মাথার চুল কাটা সুন্নাহ?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৭৭৮তম পর্বে ই-মেইলের মাধ্যমে শহীদবাগ ঢাকা থেকে জশিম জানতে চেয়েছেন, কতদিন পরপর মাথার চুল কাটা সুন্নাহ? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : কতদিন পরপর মাথার চুল কাটা সুন্নাহ?
উত্তর : মাথার চুল কাটার জন্য সুনির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। চল্লিশ দিন বা ৩০ দিন পর মাথার চুল কাটতে হবে—এমন কোনো বিধান আসেনি। আপনি যদি প্রয়োজন মনে করেন চুল কাটা দরকার, তাহলে আপনি যেকোনো সময়েই কাটতে পারেন। সে ক্ষেত্রে যিনি মনে করেন, তাঁর চুল বড় হয়ে গেছে, চুলের জন্য ভালো লাগছে না, তখন আপনি চাইলে চুল কাটতে পারেন। আবার, কেউ কেউ যদি সৌন্দর্য বাড়ানোর জন্য চুল লম্বা করতে চান, সেটা করতে পারেন। রাসুল (সা.) যে সমাজে বসবাস করেছেন, সেখানে লম্বা চুল রাখার প্রচলন ছিল। সুতরাং প্রচলনকে লক্ষ্য রেখে আপনি চুল রাখতে পারেন। কেউ কেউ এটাকে আমাদের দেশে বাবরি চুল বলে। যদিও এ নাম তখন ছিল না। তবে, অবশ্যই সামাজিক প্রচলন দেখে চুল রাখতে হবে। যদি সমাজ বড় চুলকে ভালোভাবে না দেখে, তাহলে এটাকে পরিহার করাই উচিত। সমাজে যেটা সবচেয়ে বেশি পরিচিত, সেটা করাই উচিত। কারণ সময় ও স্থানের পরিবর্তনে অনেককিছু পরিবর্তন হতে পারে। তাই প্রচলনকে লক্ষ্য করে চুল কাটা বা রাখা উচিত। তবে, আপনার পছন্দ না হলে বা অসুবিধা হলে আপনি আপনার ইচ্ছামতোই চুল রাখতে পারেন বা কাটতে পারেন।

এনটিভি অনলাইন ডেস্ক