আপনার জিজ্ঞাসা
জুমার দিনে গোসলের সঠিক নিয়ম কী?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৭৬৩তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে ফাহিম জানতে চেয়েছেন, জুমার দিনে গোসলের সঠিক নিয়ম কী? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : জুমার দিনে গোসলের সঠিক নিয়ম কী?
উত্তর : আসলে ইসলামের শরীয়তে গোসলের বিধান একটাই। ইসলামে গোসলের নিয়ম আলাদা নয়, একটিই। যখন আপনি গোসল করবেন, তখন গোসলের বিধান অনুযায়ীই করবেন। গোসলের মধ্যে তাহারাতের নিয়ত করবেন। তাহলেই আপনি গোসলের সওয়াব পেয়ে যাবেন। কিন্তু আপনি কোনো নিয়ম না মেনে, শুধু শরীর ভিজিয়ে গোসল করেন, তাহলে ফজিলত নেই। তবে হাদিস অনুযায়ী, জুমার দিনে গোসল করা ওয়াজিব। যাঁরা জুমার সালাতে অংশ নেবেন, তাঁরা অবশ্যই গোসল করবেন। এটা সপ্তাহের একটি ঈদের দিনের মতো। জুমার দিনে গোসলের নির্দেশ করা হয়েছে। যদি কেউ গোসল না করেন, তাহলে তিনি গুনাহগার হবেন। গোসল না করে জুমার সালাত পড়তে গেলে, তিনি সালাতের পুরো ফজিলত পাবেন না। আর অবশ্যই গোসলের সুন্নাহ মেনেই গোসল করতে হবে।

এনটিভি অনলাইন ডেস্ক