আপনার জিজ্ঞাসা
দোয়ার সময় কী করা বেশি উত্তম?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৭৬৭তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে একজন জানতে চেয়েছেন, দোয়ার সময় কী করা বেশি উত্তম? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : দোয়ার সময় কোনটি করা বেশি উত্তম? যেটা আমার প্রয়োজন, সেটা বারবার বলা নাকি একবার বলা? কোনটা করা উচিত?
উত্তর : দোয়ার আদবে দুটি জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটি হলো, দোয়া বারবার আল্লাহর কাছে বলা। এটি দোয়ার অনেক গুরুত্বপূর্ণ আদব। গুরুত্বপূর্ণ দোয়া আল্লাহর কাছে বারবার করলে সেটি আল্লাহর কাছেও পছন্দনীয় হয়। আমরা জানি যে, রাসুল (সা.) দোয়া বারবার রিপিট করেছেন। এ ছাড়া অনেক দোয়া আছে কয়েকবার করে পড়া হয়। যেসব দোয়া গুরুত্বপূর্ণ, সেসব দোয়াগুলো রাসুল (সা.) তিনবার, সাতবার বা ১০০ বার পড়তে বলেছেন। কেন বলেছেন? অবশ্যই এটির মাহাত্ব বেশি। দ্বিতীয়ত হলো, অনেক বিনয়ের সঙ্গে দোয়া করতে হবে। নিজেকে উজাড় করতে নিবেদন করতে হবে। তাই সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে বিনয়ের সঙ্গে দোয়া করা উচিত।

এনটিভি অনলাইন ডেস্ক