আপনার জিজ্ঞাসা
নামাজে বাংলায় দোয়া পড়া নিয়ে ইসলাম কী বলে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৭৭৭তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে আল মামুন জানতে চেয়েছেন, নামাজে বাংলায় দোয়া পড়া নিয়ে ইসলাম কী বলে?
অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : নামাজে বাংলায় দোয়া পড়া নিয়ে ইসলাম কী বলে? অনেক আলেম বলেন, শুধু আরবি দোয়া পড়া যাবে, বাংলায় পড়া যাবে না।
উত্তর : দোয়ার ভাষা আরবি হতে হবে—এ শর্ত দুনিয়ার কোনো আলেম দিয়েছেন কি না, আমি জানি না। জিকিরের জন্য শর্ত রয়েছে। জিকির রাসুল (সা.)-এর নিয়ম অনুযায়ী হতে পারে। কিন্তু, সালাতে দোয়ার জন্য এমন কোনো শর্ত নেই। রাসুল (সা.) আমাদের সালাতে অধিক পরিমাণে দোয়া করতে বলেছেন। রাসুল (সা.) বলেছেন—সালাত হচ্ছে প্রকৃত মোনাজাত, যার মাধ্যমে বান্দা আল্লাহর নিকটে যেতে পারে। বান্দা আল্লাহর কাছে তার সব কথা বলার সুযোগ পায়। বান্দা যা বলবে, সেসব কবুলের কাছে যায়। এখানে ভাষার বাধ্যবাধকতা নেই। তাই এ কথা মোটেই সঠিক নয় যে, দোয়া আরবি ভাষায় হতে হবে। আপনাকে দোয়া করতে বলা হয়েছে, ভাষার কথা বলা হয়নি। আপনি আপনার ভাষায় দোয়া করুন। আল্লাহ আপনার ভাষাই বুঝবেন। তবে যে আজকারগুলো আছে, সেগুলো আরবিতে পড়বেন, তাকবিরগুলো বাংলায় পড়া যাবে না। শুধু দোয়াটাই নিজের ভাষায় করবেন।

এনটিভি অনলাইন ডেস্ক