আপনার জিজ্ঞাসা
পালিত সন্তান কার পরিচয়ে বড় হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৭১০তম পর্বে টেলিফোনের মাধ্যমে ইব্রাহীম জানতে চেয়েছেন, পালিত সন্তান কার পরিচয়ে বড় হবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : পালিত সন্তান কার পরিচয়ে বড় হবে? যদি আসল পিতা-মাতার ঠিকানা না জানা থাকে, তাহলে কি পালিত পরিবারের পরিচয়ে বড় হবে? ওই পরিবারে তার পর্দা কেমন হবে?
উত্তর : ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। সন্তানের পরিচয় যদি না পাওয়া যায়, তাহলে অবশ্যই যাঁরা লালন-পালন করছেন, তাঁদের পরিচয়ে বড় হবে। তাঁদের পরিচয়ই দেবে। নাহলে সমাজে সে একেবারে পরিচয়হীন হয়ে যাবে। এটা তার জীবনের জন্য কঠিন হয়ে পড়বে। পড়াশোনা-চাকরি থেকে শুরু করে সব জায়গায় সমস্যার মুখোমুখি হবে। কিন্তু, তাকে এটাও জানাতে হবে যে, তাকে আপনারা লালন-পালন করছেন। সে ক্ষেত্রে পরিবারের লোকের কাছে তার শালীন পর্দা করতে হবে। যদি পালনকারী মা তাকে দুধ না পান করিয়ে থাকেন, তাহলে অবশ্যই পর্দার বিধান মানতে হবে। আর, সম্পদের ক্ষেত্রে তিনি ওয়ারিস হবেন না। তবে ওয়াজিব হচ্ছে—লালন-পালন করা বাবা-মা তার সুখের জন্য সম্পত্তি দেবেন। লিখে না দিলে তিনি গুনাহগার হবেন। সামর্থ্য অনুযায়ী তাকে দিতে হবে।

এনটিভি অনলাইন ডেস্ক