আপনার জিজ্ঞাসা
পুরোনো সালাত কি কাজা করা যাবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৭২৭ পর্বে মেইলের মাধ্যমে ওবায়েদউল্লাহ বায়জিদ জানতে চেয়েছেন, পুরোনো সালাত কি কাজা করা যাবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : আমি তিন বছর নিয়মিত নামাজ পড়িনি। দুই বছরে ধরে নিয়মিত পড়ছি। এখন আমার প্রশ্ন হলো—আমি পুরোনো নামাজগুলো কীভাবে কাজা করব?
উত্তর : না, এগুলো আর কাজা করার সুযোগ নেই। আল্লাহর হক নষ্ট করেছেন। এটা ভয়ংকর বিষয়। এটার জন্য আপনি প্রচুর পরিমাণে তওবা করুন। এ নামাজের জন্য আমৃত্যু ক্ষমা চান আল্লাহর কাছে। নিজেকে নিবেদন করে তওবা করুন। আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি মাফ করে দিতেও পারেন। আল্লাহ তওবা কবুল করেন। এখন নিয়মিত নামাজ পড়ুন। দ্বিতীয়ত, বেশি বেশি নফল নামাজ পড়ুন। আল্লাহ চাইলে, নফল দিয়ে এটা পূরণ করতে পারেন। তবে, পুরোনো নামাজ কাজা করা নিয়ে কেউ কেউ মত দিয়েছেন। কিন্তু সত্যি হলো, এটি সঠিক নয়। এটির কোনো দলিল নেই। ইচ্ছাকৃতভাবে সালাত না পড়া তো কুফরি। এটার জন্য তওবা করতে হবে। এগুলো কাজা করার কোনো সুযোগ নেই। এটার কোনো বিধান নেই।

এনটিভি অনলাইন ডেস্ক