আপনার জিজ্ঞাসা
মাস্ক পরে নামাজ পড়া যাবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮০১তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে জামিলা নূর জানতে চেয়েছেন, মাস্ক পরে নামাজ পড়া যাবে কি? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : আমি মসজিদে কিংবা পার্কে নামাজ পড়ার সময় মাস্ক পরে থাকি। এতে মাটিতে নাক লাগে না। অনেকেই বলে এভাবে নামাজ হয় না। সিজদার সময় নাকি নাক মাটিতে লাগাতে হবে। আমার প্রশ্ন হলো, মাস্ক পরে নামাজ পড়লে হবে কি?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মাস্ক পরে নামাজ পড়লে, সেটা হবে না—এ কথাটি সত্য নয়। আবার যিনি আপনাকে বলেছেন মাটিতে নাক লাগাতে হবে, এ কথাটিও সঠিক নয়। কারণ, আপনি যদি কার্পেটে নামাজ পড়েন, তাহলেও তো মাটিতে লাগবে না। তাই বলব—নাক লাগলেই যথেষ্ট। সেটা যেকোনো জায়গায় হতে পারে। জমিনে লাগলেই হলো। সেটা মাস্ক কিংবা কার্পেট বা যেকোনো স্থান হোক। এর মাঝখানে কিছু থাকলে যে নামাজ হবে না, কথাটি সঠিক নয়। আর, মাস্ক তো আমরা প্রয়োজনে পরছি। কারণ, এ করোনার সময়ে আমাদের নিজেদের প্রয়োজনেই তো মাস্ক পরতে হবে। এটা নিয়ে কোনো সমস্যা নেই।

এনটিভি অনলাইন ডেস্ক