রমজানে অনলাইনে কুরআন শেখানোর উদ্যোগ নিলেন শায়খ আহমাদুল্লাহ
রমজানে অনলাইনে কুরআন শেখানোর উদ্যোগ নিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। গতকাল মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন। নিচে ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো:–
এই রমাদানে ঘরে বসে অনলাইনে কুরআন শেখার এক দারুণ উদ্যোগ হাতে নিয়েছি আমরা।
‘সহজ সূত্রে কুরআন শিখি’ শিরোনামে ২৭ পর্বের একটি রেকর্ডেড ভিডিও কোর্স আপনাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করতে যাচ্ছি।
কোর্সের শিক্ষক হিসেবে থাকছেন মসজিদে নববির প্রাক্তন শিক্ষক, উস্তায মোহাম্মদ হুসাইন মাদানী। তিনি মাসজিদে নববি থেকে রেওয়াতে হাফস আন আছেম এবং তাজবীদের ওপর সনদপ্রাপ্ত।
আরবি বর্ণমালার পরিচয় থেকে শুরু করে শুদ্ধভাবে কুরআন পড়তে যা যা প্রয়োজন, সবই থাকছে এই কোর্সে।
প্রত্যেক পর্বের শেষে থাকছে সংশ্লিষ্ট পর্বের ওপর বিশেষ অনুশীলন। যার মাধ্যমে আপনি খুব সহজেই প্রতিদিনের পাঠ নিজে নিজেই যাচাই করে নিতে পারবেন।
প্রতিদিন তারাবীহর পর একটি করে ভিডিও আপলোড করা হবে। এভাবে ২৭ রমাদানে আপলোড হবে ২৭ টি ভিডিও।
আর এভাবে প্রতিদিন এক একটি পর্ব আত্মস্থ করলে ২৭ রমাদানে আপনি শুদ্ধভাবে কুরআন পড়া শিখে ফেলতে পারবেন ইনশাআল্লাহ।
আমাদের ইউটিউব চ্যানেল যাদের সাবস্ক্রাইব করা নেই, ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।

ফিচার ডেস্ক