নোয়াখালীর ২৫ গ্রামে ঈদুল ফিতর আগামীকাল
প্রতি বছরের মতো এবারও সৌদি আরবসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে নোয়াখালী জেলার সদর ও বেগমগঞ্জ উপজেলার প্রায় ২৫টি গ্রামে আগামীকাল শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
সংশ্লিষ্ট গ্রামগুলোতে শুক্রবার সকাল ১০টায় ঈদের প্রধান জামাতগুলো অনুষ্ঠিত হবে। স্থানীয় মসজিদের পেশ ইমামগণ এই জামাতগুলোতে ইমামতি করবেন এবং বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন। নামাজ শেষে ধর্মীয় রীতি অনুযায়ী মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও মিষ্টি মুখ করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবেন।
নোয়াখালীর যেসব অঞ্চলে আগাম ঈদ পালিত হবে তার মধ্যে রয়েছে–সদর উপজেলার কালিতারা, জয়কৃষ্ণপুর, অশ্বদিয়া ও পশ্চিম মহাদেবপুর। এছাড়া বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ, চাঁদ কাশিপুর, তিতাহাজরা ও ফাজিলপুর; জিরতলি ইউনিয়নের বারইচতল ও মহেষপুর এবং আলাইয়াপুর ইউনিয়নের নরোত্তমপুরসহ ২৫টি গ্রাম।
জানা গেছে, ১৯২৫ সালে তৎকালীন অবিভক্ত নোয়াখালীর রশিদপুর গ্রামের মাওলানা আব্দুল হামিদ প্রথম এই মত প্রচার করেন। তার মতে, হানাফি, মালেকী ও হাম্বেলী মাযহাবের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বের সব দেশে একই দিনে ঈদ ও রোজা পালন করা উচিত।
অন্য একটি মতানুসারে, লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার কালাকোপ গ্রামের পীর মাওলানা আব্দুল কাইয়ুম সাহেবের অনুসারীরাও দীর্ঘদিন ধরে আরব বিশ্বের সঙ্গে মিল রেখে ঈদসহ অন্যান্য ধর্মীয় উৎসব পালন করে আসছেন। তারা এই পদ্ধতিকেই সর্বোত্তম পন্থা হিসেবে মনে করেন।

মো. মাসুদ পারভেজ, নোয়াখালী