নিঝুমদ্বীপে ভেসে আসা অর্ধগলিত মরদেহ এখনও উদ্ধার করা যায়নি
নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপে ভেসে আসা অর্ধগলিত মরদেহ এখনও উদ্ধার করা যায়নি। দুর্গম এলাকা ও অতিরিক্ত জোয়ারের কারণে পানি বৃদ্ধি পাওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন।
গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) দিকে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের হাসি মার্কেট সংলগ্ন ৯ নম্বর ওয়ার্ডের কেওড়া বাগানে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। পরে আজ শুক্রবার (১৭ জুলাই) সকালে মরদেহটি উদ্ধারের কাজ যৌথভাবে নৌপুলিশ ও হাতিয়া থানা-পুলিশ শুরু করার কথা থাকলেও বৈরী আবহাওয়া কারণে এখনো সম্ভব হয়নি।
স্থানীয়রা বলেন, বেলা ১১টার দিকে জোয়ারের পানির সঙ্গে মরদেহটি ভেসে এসে কেওড়া বাগানে আটকে থাকে। দীর্ঘদিন পানিতে থাকার কারণে মরদেহটি অর্ধগলিত হয়ে গেছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি দেখে পুলিশকে জানানো হয়েছে। কিন্তু রাত হয়ে গেলেও মরদেহটি উদ্ধার করা হয়নি। এদিকে, স্থানীয়দের অভিযোগ মরদেহ উদ্ধারে দুই বাহিনীর মধ্যে সমন্বয়হীনতার কারণে দীর্ঘ সময় ধরে মরদেহটি পড়ে আছে।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে ঘটনাস্থলটি নদীর কাছাকাছি হওয়ায় এটি নৌ পুলিশের আওতাধীন। খবর পেয়ে নৌ পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করতে যায়। তবে বাগানটি সড়ক থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে এবং বাগানে জোয়ারের পানি থানায় মরদেহ উদ্ধার সম্ভব হয়নি। তবে মরদেহটি উদ্ধারের চেষ্টা চলছে।

মো. মাসুদ পারভেজ, নোয়াখালী