রাজাপুরে সৌদির সঙ্গে মিল রেখে ৪৫ পরিবারে ঈদ উদযাপন
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। আজ শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় গ্রামের দারুস সুন্নাহ জামে মসজিদ ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে গ্রামের প্রায় ৪৫টি পরিবারের শতাধিক মুসল্লি অংশ নেন।
সরেজমিনে দেখা গেছে, এই ঈদ জামাতে পুরুষদের পাশাপাশি পর্দার আড়ালে নারীরাও পৃথকভাবে নামাজ আদায় করেছেন। নামাজে ইমামতি করেন মসজিদের ইমাম মো. আমিনুর রহমান। মোনাজাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১১ সাল থেকে ডহরশংকর গ্রামের এই পরিবারগুলো বিশ্বের যেকোনো প্রান্তে চাঁদ দেখার সংবাদের ভিত্তিতে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছে। শুরুতে কিছু সামাজিক বাধা থাকলেও বর্তমানে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে তারা এই ধর্মীয় উৎসব পালন করছেন।
মসজিদ কমিটির সভাপতি মো. রিপন হাওলাদার বলেন, ২০১১ সাল থেকে আমরা এই নিয়ম অনুসরণ করছি। এখন আর কোনো সমস্যা হয় না, সবাই যার যার বিশ্বাস অনুযায়ী উৎসব পালন করি।
জামাতে অংশ নেওয়া মুসল্লি আব্দুল্লাহ আল-রাব্বি ও রাসেল জানান, চাঁদের সংবাদের ভিত্তিতে রোজা ও ঈদ পালন করাই তাদের কাছে সঠিক নিয়ম মনে হয়।
ইমাম মো. আমিনুর রহমান জানান, নতুন চাঁদের নির্ভরযোগ্য সংবাদ পাওয়ার ভিত্তিতেই আজ ঈদের নামাজ আদায় করা হয়েছে। নামাজ শেষে গ্রামজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে এবং ঘরে ঘরে সাধ্যমতো মিষ্টান্ন ও বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে।

নাঈম হাসান, ঝালকাঠি (কাঁঠালিয়া-রাজাপুর)