উত্থানে সূচক, লেনদেন ১৪১৯ কোটি টাকা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সোমবার (১৩ জুলাই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৭ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে।
গতকাল রোববারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে এক হাজার ৭৫০ কোটি টাকা। লেনদেন কমে এদিন এক হাজার ৪১৯ কোটি টাকার ঘরে নেমে এসেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ১৩ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৩৭ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকের উত্থান গতি কমে আসে। এদিন লেনদেন শুরুর ৬০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৩৩ পয়েন্ট। পরে সূচকের উত্থান আরও কমে।
এদিন লেনদেন শেষে ডিএসইএক্স বেড়েছে ১৭ দশমিক ৩৩ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৮৬৬ দশমিক ৫৪ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক দুই দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় দুই হাজার ২০৩ দশমিক শূন্য ৯ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক চার দশমিক ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ১৯৬ দশমিক ৭৯ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ৪১৯ কোটি ১৫ লাখ টাকার শেয়ার। যেখানে গতকাল রোববার লেনদেন হয়েছিল এক হাজার ৬৬৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়ায় সাত লাখ সাত হাজার ৭১৩ কোটি ৫১ লাখ টাকা। গতকাল রোববার মূলধন ছিল সাত লাখ পাঁচ হাজার ৯৬২ কোটি ৮৫ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৪ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৮১টির, কমেছে ১৬৫টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪৮টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিংয়ের শেয়ার। কোম্পানিটির ৫৩ কোটি ১৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংকের ৩০ কোটি ২৪ লাখ টাকা, ইস্টার্ন হাউজিংয়ের ২৬ কোটি ২৭ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ২৫ কোটি ৫৩ লাখ টাকা এবং শার্প ইন্ডাস্ট্রিজের ২৫ কোটি ৫১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে আট দশমিক ৩৩ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে দেশ গার্মেন্টসের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৯ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক