৮১ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (১৭ আগস্ট) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪৬ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৮১ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
লেনদেন কমে এদিন ৯৯৫ কোটি টাকায় চলে এসেছে। গতকাল রোববারের (১৬ আগস্ট) তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে তিন হাজার ৬২ কোটি টাকা।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ১৩ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ২৪ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান কমে আসে। এদিন লেনদেন শুরুর ২০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে পয়েন্ট। পরে সূচকটি পতনে চলে আসে।
এদিন লেনদেন শেষে ডিএসইএক্স কমেছে ৪৫ দশমিক ৭০ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৮১৪ দশমিক ২৬ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক আট দশমিক ৫৬ পয়েন্ট কমে দাঁড়ায় দুই হাজার ১৭৫ দশমিক ৬৬ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ১৩ দশমিক ৬১ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ১৫৭ দশমিক ৭৬ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৯৯৪ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার। যেখানে গতকাল রোববার লেনদেন হয়েছিল এক হাজার ১৩০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়ায় সাত লাখ পাঁচ হাজার ১৮৭ কোটি ৮৯ লাখ টাকা। গতকাল রোববার মূলধন ছিল সাত লাখ আট হাজার ২৪৯ কোটি ৯২ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ৩১৮টির ও শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১৯টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির ৩৫ কোটি ১৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ডমিনেজ স্টিলের ৩৩ কোটি ৪৬ লাখ টাকা, বেক্সিমকোর ৩২ কোটি ১৪ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের ২৮ কোটি ৬৮ লাখ টাকা ও এমএল ডায়িংয়ের ২৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিলের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৯৭ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে পিপলস লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে পাঁচ দশমিক ২৬ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক