'আইপিএলের কথা আপাতত ভুলে যান'
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এই বছর হবে কিনা, বেশ কয়েকদিন ধরেই তা নিয়ে আলোচনা হচ্ছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় এর উত্তর কারো কাছেই নেই। তাই আপতত আইপিএলের কথা ভুলে যেতে বলছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। শুধু আইপিএল কেন, বিশ্বের কোনো খেলাধুলাই যে এখন হচ্ছে না সেটাও মনে করিয়ে দিলেন সাবেক এই তারকা ক্রিকেটার।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে আইপিএল নিয়ে সৌরভ বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এ মুহূর্তে কিছু বলতে পারছি না। দেখি কী হয়। এর বাইরে আর কী বলতে পারি! বিমানবন্দর বন্ধ, লোকজন ঘরে বন্দি। কেউ কোথাও যেতে পারছেন না। সম্ভবত মে মাসের মাঝামাঝি পর্যন্ত এমন অবস্থাই থাকবে। এখন খেলোয়াড় পাবেন কীভাবে, তারা আসবে কীভাবে—সামান্য মাথা খাটালেই বোঝা যায় বিষয়টি। এ মুহূর্তে বিশ্বের কোথাও কোনো খেলার অনুকূল পরিস্থিতি নেই, আইপিএল ভুলে যান।'
আইপিএল নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে শুরু করে আইপিএল গভর্নিং কাউন্সিল ও অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিরাও এক ধরনের অনিশ্চয়তার মধ্যে আছে। অনিশ্চয়তায় আছেন ক্রিকেটাররাও। তাই আগামীকাল সোমবার বিষয়টি নিয়ে আইপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে আলোচনায় বসবেন সৌরভ।
বিসিসিআই সভাপতি বলেন, ‘আমি বিসিসিআইয়ের সবার সঙ্গে আলোচনায় বসব। আশাকরি সোমবার এ বিষয়ে একটি আপডেট দিতে পারব। তবে বাস্তবতার কথা বলতে গেলে, যখন পৃথিবীর সর্বত্রই স্থবির হয়ে পড়েছে, খেলাধুলার ভবিষ্যৎ সেখানে ভবিষ্যৎ হয়েই রয়েছে।’
সারা বিশ্বে এখন পর্যন্ত ১৭ লাখ ৮৩ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত। মৃতের সংখ্যা এক লাখ ৯ হাজারে ছাড়িয়েছে। একই অবস্থা ভারতেও। করোনার কারণে ১৫ এপ্রিল পর্যন্ত ২১ দিনের লকডাউনে রয়েছে ভারত। ধারণা করা হচ্ছে, আরো ১৫ দিন বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করা হবে এই লকডাউন। এমনটা হলে আইপিএল বাদ হওয়ার পথেই হাঁটতে পারে।

স্পোর্টস ডেস্ক