আইসিসির সিদ্ধান্তে হতাশ পিসিবি সভাপতি
বিশ্ব চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে গত বছর একটি সিরিজ খেলার কথা ছিল ভারত ও পাকিস্তানের। আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু দুই দেশের রাজনৈতিক ইস্যুর কারণে পাকিস্তানে খেলতে যেতে রাজি হয়নি ভারত। ফলে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগ করে দিয়েছে আইসিসি।
আইসিসির এমন সিদ্ধান্তে হতাশ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান এহসান মানি। পাকিস্তানের বিপক্ষে সিরিজ থেকে পাওয়া পয়েন্ট দিয়ে ২০২১ সালে হতে যাওয়া মেয়েদের বিশ্বকাপের সরাসরি উঠে গেছে ভারত। অন্যদিকে পাকিস্তানকে খেলতে হবে বিশ্বকাপ বাছাইপর্ব। তাতেই বাঁধ সেধেছে পাকিস্তানের।
কারণ ২০১৬ সালেও ভারত-পাকিস্তানের মধ্যকার সিরিজে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেবার পূর্ণ দুই পয়েন্ট পেয়েছিল পাকিস্তান। এবারো তেমনটা হলে সরাসরি বিশ্বকাপের টিকেট পেত পাকিস্তান। কিন্তু হয়েছে উল্টোটা। বাড়তি পয়েন্ট পেয়ে ভারত উঠে গেল, আর পাকিস্তানকে খেলতে হবে বাছাইপর্ব।
এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও স্পোর্টসস্টারকে এহসান মানি বলেন, ‘আমরা অবশ্যই (আইসিসির) সিদ্ধান্তটি নিয়ে হতাশ। কিন্তু আমাদের একটি দল (প্রধান নির্বাহী, আইন বিভাগ, এবং অন্যান্য প্রধানরা) বিষয়টি পর্যালোচনা করছে। এটা শেষ হলে আমরা মন্তব্য জানাতে পারব। এখন কোনো আনুষ্ঠানিক কথা নয়।’

স্পোর্টস ডেস্ক