অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশেষ মাইলফলক উদযাপন করল পাকিস্তান
ওয়ানডে ক্রিকেটে নিজেদের ১০০০তম ম্যাচ খেলার বিশেষ দিন জয় দিয়ে রাঙাল পাকিস্তান। অভিষিক্ত আরাফাত মিনহাসের স্পিন ঘূর্ণিতে নীল হয়েছে অস্ট্রেলিয়ার ব্যাটাররা। এরপর বাবর আজম-গাজী ঘুরির হাফ সেঞ্চুরিতে সহজেই লক্ষ্য ছুঁয়ে ফেলে ম্যান ইন গ্রিনরা। সহজ জয়ে ঐতিহাসিক দিন উদযাপন করল শাহিন শাহ আফ্রিদির দল।
শনিবার (৩০ মে) দিনগত রাতে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নেমেছিল দুই দল। প্রথমে ব্যাট করে ৪৪.১ ওভারে গুটিয়ে যাওয়ার আগে ২০০ রান করে অস্ট্রেলিয়া। লক্ষ্য তাড়ায় নেমে ৪২.৩ ওভারে ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় পাকিস্তান।
ক্রিকেট ইতিহাসের দীর্ঘ ৫৩ বছরের ওয়ানডে পথচলায় ভারত ও অস্ট্রেলিয়ার পর বিশ্বের মাত্র তৃতীয় ক্রিকেট দল হিসেবে ওয়ানডেতে এক হাজার ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন তারা। ১৯৭৩ সালের ১১ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয়েছিল এই যাত্রা।
টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক। শুরু থেকেই বল হাতে অসি ব্যাটারদের ওপর ছড়ি ঘোরান মিনহাস। ১০ ওভার বল করে একটি মেডেনসহ মাত্র ৩২ রান খরচায় ৫ উইকেট নিয়ে অজিদের কোমর ভেঙে দেন তিনি। প্রথম পাকিস্তানি হিসেবে ওয়ানডে অভিষেকেই পাঁচ উইকেট নেওয়ার বিরল কীর্তি গড়লেন এই তরুণ।
বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে অস্ট্রেলিয়া শুরু থেকেই চাপে ছিল। ৬৮ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা অসিদের কিছুটা লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন ম্যাথু শর্ট ও ম্যাট রেনশ। দুজনে মিলে গড়েন ৫৫ রানের জুটি। শর্ট ৫৫ রান করে মিনহাসের শিকারে পরিণত হন, আর রেনশ ইনিংস সেরা ৬১ রান করে বোল্ড হন আবরার আহমেদের বলে। শেষ পর্যন্ত ৪৫তম ওভারের প্রথম বলেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস।
২০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। দলীয় ৪৯ রানের মধ্যে দুই ওপেনার মাজ সাদাকাত ও সাহিবজাদা ফারহান সাজঘরে ফিরে যান।
তবে বিপদ হতে দেননি বাবর আজম ও গাজী ঘোরি। তাদের ১২৭ রানের জুটিতে জয়ের পথ সহজ হয়ে যায়। বাবর ৯৪ বলে ৬৯ রানের দায়িত্বশীল ইনিংস খেলে আউট হন। এরপর গাজী ৬৫ রান করে নাথান এলিসের বলে ফিরলেও, জয় পেতে কোনো সমস্যা হয়নি পাকিস্তানের।
শেষদিকে সালমান আগা দ্রুত ফিরে গেলেও, অভিষিক্ত মিনহাস ১৮ রানে অপরাজিত থেকে আব্দুল সামাদকে নিয়ে দলকে জয় এনে দেন। ৪২.৩ ওভারে ৫ উইকেটে ২০২ রান তুলে মাইলফলক ছোঁয়ার ম্যাচে দাপুটে জয় নিশ্চিত করে পাকিস্তান।

স্পোর্টস ডেস্ক