টেস্টের ইতিহাস নতুন করে লিখলেন ক্যারিবীয় তারকা
পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়া এক স্পেল উপহার দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে সিরিজের প্রথম টেস্টে টানা পাঁচটি ‘উইকেট-মেডেন ওভার’ করে টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। এর আগে কোনো বোলার এমন কীর্তি দেখাতে পারেননি।
সোমবার (২৭ জুলাই) ম্যাচের তৃতীয় দিনে পাকিস্তান ছিল শক্ত অবস্থানে। অধিনায়ক শান মাসুদের শতকে বড় সংগ্রহের পথেই ছিল দলটি। কিন্তু সেখান থেকেই গ্রিভসের বিধ্বংসী বোলিংয়ে ভেঙে পড়ে সফরকারীদের ইনিংস। তাতে ভেঙে পড়ে পাকিস্তানও। ৩ উইকেটে ২৪৪ রান থেকে অলআউট হয় ২৮২ রানে।
ডানহাতি এই পেসার ১১ ওভারে ২৭ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন। ক্যারিয়ারে প্রথমবারের মতো টেস্টে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি পাঁচটি উইকেটই আসে টানা পাঁচ ওভারে, কোনো রান না দিয়েই। অর্থাৎ টানা পাঁচটি উইকেট-মেডেন ওভার করে গড়েন অনন্য এক বিশ্বরেকর্ড।
এর আগে ২০১৬ সালে জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড টানা চারটি উইকেট-মেডেন ওভার করেছিলেন। এক দশক পর সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছে গেলেন গ্রিভস।
মাসুদকে ফিরিয়ে পাকিস্তানের ধসের সূচনা করেন গ্রিভস। এরপর একে একে ফেরান আমের জামাল, আলি উসমান ও মোহাম্মদ রিজওয়ানকে। এই সময়ে টানা কয়েক ওভারে পাকিস্তান কোনো রানই তুলতে পারেনি।
মধ্যাহ্ন বিরতির পর আবার আক্রমণে এসে মোহাম্মদ আব্বাসকে উইকেটরক্ষকের হাতে ক্যাচ বানিয়ে টানা পঞ্চম উইকেট-মেডেন ওভার পূর্ণ করেন গ্রিভস। একই সঙ্গে নিশ্চিত করেন ক্যারিয়ারের প্রথম টেস্ট পাঁচ উইকেট।
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ তুলেছিল ৩১১ রান। জবাবে পাকিস্তান একসময় বড় লিডের আশা জাগালেও গ্রিভসের আগুনঝরা স্পেলের সামনে শেষ পর্যন্ত ২৮২ রানেই অলআউট হয়ে যায়। ৭ উইকেটে ১২৬ রানে তৃতীয় দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৫৫ রানের লিড স্বাগতিকদের।

স্পোর্টস ডেস্ক