ইতিহাস গড়তে বাংলাদেশের চাই ১৭৫ রান
রোহিত শর্মাকে ফিরিয়ে শুরুতেই বাংলাদেশকে সাফল্য এনে দেন পেসার শফিউল ইসলাম। টিকতে দেননি শিখর ধাওয়ানকেও। দ্রুত দুই ওপেনারকে হারানোর পর মনে হয়েছিল বেশিদূর যেতে পারবে না ভারত। তবে সেটা সত্যি হতে দিলেন না লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ার। রোহিতের অভাব মিটিয়ে ভারতকে ১৭৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন তাঁরা। তাতে প্রথমবার ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ জিততে বাংলোদেশকে ১৭৫ রান করতে হবে।
সিরিজে ১-১ সমতা নিয়ে আজ রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-ভারত। নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। ইনিংসের দ্বিতীয় ওভারেই রোহিতকে সরাসরি বোল্ড করলেন শফিউল ইসলাম। ফেরার আগে ৬ বলে মাত্র ২ রান করেন তিনি। এর আগে প্রথম ম্যাচেও শফিউলের বলে আউট হয়েছিলেন ভারতীয় ওপেনার।
রোহিতের পর আরেক ওপেনার শিখর ধাওয়ানকেও সাজঘরে পাঠালেন শফিউল। ষষ্ঠ ওভারে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ধাওয়ান। ফেরার আগে ১৬ বলে ১৯ রান করেন তিনি।
দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা। চাপ কাটিয়ে দলের দায়িত্ব নেন রাহুল-শ্রেয়াস। ৩৫ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন রাহুল। আল আমিনের বলে রাহুল ফিরলে ঝড় তোলেন শ্রেয়াস। বাংলাদেশি বোলারদের তুলোধুনো করে স্বাগতিকদের বড় লক্ষ্যের কাছে পৌঁছে দেন তিনি। অবশ্য ১৫তম ওভারে আফিফের বলে বেশি ঝড় তোলেন তিনি। ওই ওভারে তিনটি ছক্কা মারেন। মাত্র ২৭ বলে তুলে নেন ব্যক্তিগত হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত ৩৩ বলে ৬২ রানের ইনিংস খেলেন শ্রেয়াস। তাতে নির্ধারিত ওভারে বাংলাদেশের সামনে ১৭৫ রানের লক্ষ্য দাঁড় করায় ভারত।
বাংলাদেশের পক্ষে বল হাতে ৩২ রান দিয়ে দুটি উইকেট নেন শফিউল। আল আমিন নেন একটি উইকেট। ৪ ওভার বল করে ৪২ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন মুস্তাফিজুর রহমান। ২৯ রান দিয়ে দুটি উইকেট নেন সৌম্য সরকার।

স্পোর্টস ডেস্ক