টস হেরে ব্যাটিংয়ে মাশরাফির ঢাকা
বঙ্গবন্ধু বিপিএলে আজ বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে রাজশাহী রয়্যালসের মুখোমুখি হচ্ছে ঢাকা প্লাটুন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে টসে জিতেছেন রাজশাহী রয়্যালসের অধিনায়ক আন্দ্রে রাসেল। টস জিতে মাশরাফির ঢাকা প্লাটুনকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
ম্যাচটির মধ্য দিয়ে দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরছেন মাশরাফি বিন মুর্তজা। আইসিসি-২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর কোনো ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি তিনি।
অন্যদিকে তামিম ইকবালকেও বিশ্বকাপ-পরবর্তী শ্রীলঙ্কা সিরিজের পর আর কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায়নি। আজ বঙ্গবন্ধু বিপিএলে রাজশাহী রয়্যালসের বিপক্ষে দুজনই ঢাকা প্লাটুনের হয়ে মাঠে নামছেন।
দেশের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে সাধারণত বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটারদের একই দলে খেলতে দেখা যায় না। কেননা, তারকা খেলোয়াড়দের আইকন হিসেবে বেছে নেয় ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে এবারের বঙ্গবন্ধু বিপিএলের বিশেষ আসরে একসঙ্গে খেলার সুযোগ পাচ্ছেন মাশরাফি-তামিম। এ দুই অভিজ্ঞ ক্রিকেটারকে পেয়ে উজ্জীবিত ঢাকা প্লাটুনও।
ঢাকা দলে বিদেশি খেলোয়াড়দের মধ্যে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আছেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার শহিদ আফ্রিদি। কিন্তু গতকাল দলের সঙ্গে অনুশীলনে ছিলেন না তিনি। জানা গেছে, জ্বরে ভুগছেন আফ্রিদি।
অন্যদিকে, রাজশাহীর দলও শক্তিশালী। দলটির নেতৃত্বে আছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এ ছাড়া রয়েছেন আরো প্রতিভাবান খেলোয়াড়।
আজ দিনের অন্য ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দিবারাত্রির এই ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

ক্রীড়া প্রতিবেদক