নতুন বছরে বাংলাদেশের ক্রিকেট সূচি
বিশ্বকাপে হতাশা আর মাঠের বাইরে নানা বিতর্কের মাধ্যমে ২০১৯ সালকে বিদায় জানিয়েছে বাংলাদেশের ক্রিকেট। নতুন বছরে আরো কঠিন পরীক্ষার সামনে ক্রিকেটাররা। কারণ এই বছরই অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর এই ফরম্যাটে এখনো তেমন সাবলীল নয় লাল-সবুজের দল। সেই সঙ্গে আছে টেস্ট চ্যাম্পিয়শিপের অধীনে বেশ কয়েকটি সিরিজ। তবে প্রিয় ফরম্যাট ওয়ানডেতে খেলার সুযোগ এ বছর তেমন পাচ্ছে না বাংলাদেশ।
আইসিসির ক্রিকেট সূচি অনুযায়ী দেখে নেওয়া যাক ২০২০ সালের বাংলাদেশের ক্রিকেট সূচি :
বাংলাদেশের পাকিস্তান সফর
আইসিসির ক্রিকেট সূচি অনুযায়ী, পাকিস্তান সফর দিয়ে নতুন বছর শুরু করবে বাংলাদেশ। সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট ও তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা। অবশ্য সফর নিয়ে এখনো টানাপোড়নে আছে দুই দেশের ক্রিকেট বোর্ড। সফরে বাংলাদেশ শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায়। অন্যদিকে পাকিস্তান চায় পুরো সফরই যেন হয় তাঁদের মাটিতে। সিদ্ধান্তহীনতায় এখন পর্যন্ত ঝুলে আছে পাকিস্তান সফর। এই সফরের জন্য জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেধে দিয়েছে আইসিসি।
জিম্বাবুয়ের বাংলাদেশ সফর
পাকিস্তান সফর শেষে মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে একটি সিরিজ খেলার কথা বাংলাদেশের। সিরিজে সফরকারীদের বিপক্ষে একটি টেস্ট ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে।
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ ম্যাচ
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘরের মাটিতে ক্রিকেট উদযাপন করবে বাংলাদেশ। ২০২০ সালের ১৮ থেকে ২১ মার্চের মধ্যে অল স্টার এশিয়া ও বিশ্ব একাদশ দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশে।
বাংলাদেশের আয়ারল্যান্ড সফর
এপ্রিলে অবশ্য বাংলাদেশের কোনো খেলা নেই। ২০২০ সালের মে মাসে আয়ারল্যান্ড সফর করবে বাংলাদেশ। সেই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির সঙ্গে একটি টেস্ট খেলার কথা বাংলাদেশের। যদিও আর্থিক সমস্যার কারণে টেস্ট খেলা নিয়ে আপত্তি জানিয়েছে স্বাগতিক আয়ারল্যান্ড।
অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর
আয়ারল্যান্ড সফর শেষে জুন মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে আতিথিয়তা দেবে বাংলাদেশ। সফরে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুটি ম্যাচ খেলার কথা টিম পেইনদের।
বাংলাদেশের শ্রীলঙ্কা সফর
অস্ট্রেলিয়া চলে গেলে জুলাই মাসেই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। সেখানে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে লাল-সবুজের দল।
নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর
এরপর আগস্টে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। সফরে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে কেইন উইলিয়ামসনের দল।
বাংলাদেশের নিউজিল্যান্ড সফর
এক মাস বিরতি দিয়ে অক্টোবরে আবার নিউজিল্যান্ডে উড়াল দেবে বাংলাদেশ। সেখানে কিউইদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপ
এরপর ১৮ অক্টোবর থেকে ২৫ নভেম্বর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বসেরা হওয়ার প্রতিযোগিতার পর দেশে ফিরবে বাংলাদেশ।
শ্রীলঙ্কার বাংলাদেশ সফর
শ্রীলঙ্কার বিপক্ষে ডিসেম্বরে ২০২০ সালের একমাত্র ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক