‘নাঈম অনেক দূর যাবে’
ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজ দিয়েই আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম। এ সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সবার নজর কাড়েন তিনি। তিন ম্যাচে ১৪৩ রান করেন তিনি, যাতে একটি হাফসেঞ্চুরি রয়েছে।
অভিষেক সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করায় সবার প্রশংসায় ভাসছেন নাঈম। তরুণ এই ব্যাটসম্যানের বন্দনায় মুখর নির্বাচক হাবিবুল বাশার সুমনও। গতকাল সোমবার মিরপুরে নাঈমের প্রশংসায় সুমন বলেন, ‘নাঈমের রান করা বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো খবর। দুই বছর ধরে হাইপারফরম্যান্স ইউনিটে সে ছিল। দেখে মনে হচ্ছে সে একজন ভালো পারফরমার। প্রথম দুই ম্যাচে বড় ইনিংস খেলতে না পারলেও শেষ ম্যাচে সফল হয়েছে নাঈম। আন্তর্জাতিক পর্যায়ে রান করতে বিশেষ ক্ষমতা লাগে। তার পেছনে আমাদের ইনভেস্টমেন্ট ভবিষ্যতে আরো কাজে আসবে।’
নাগপুরে ব্যাট হাতে দারুণ সফল ছিলেন নাঈম। তবে ১০টি চার ও দুটি ছক্কায় ৪৮ বলে ৮১ রান করেন নাঈম। তাঁর ব্যাটিং দৃঢ়তায় জয়ের পথে ছিল বাংলাদেশ। কিন্তু নিচের দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায় স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। তবে সব মিলিয়ে দলের পারফরম্যান্সে মোটামুটি সন্তুষ্ট নির্বাচক হাবিবুল বাশার। তিনি বলেন, ‘সব মিলিয়ে এই সফরে আমরা ভালোই খেলেছি। অবশ্য আমাদের আরো ভালো করার সম্ভাবনা ছিল। কিন্তু আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি।’

স্পোর্টস ডেস্ক