পুলিশের কাজে মুগ্ধ কোহলি
বাসায় থাকুন, নিরাপদে থাকুন – সারা বিশ্বে এই কথাটিই সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। কারণ প্রাণঘাতী করোনাভাইরাস থেকে বাঁচতে হলে বাসায় থাকাটাই এখন একমাত্র উপায়। জনগনকে বাসায় রাখার সেই গুরুদায়িত্ব পালন করছেন পুলিশরা। শুধু তাই নয়, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের সাহায্যেও নিরলশভাবে কাজ করে যাচ্ছে পুলিশ বাহিনী।
এই পুলিশের কার্যক্রমে দারুণ খুশি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তাঁর নিজ এলাকা দিল্লি পুলিশের কার্যক্রম দেখে মুগ্ধ ভারতীয় অধিনায়ক।
সম্প্রতি দিল্লি পুলিশের টুইটার পেজ থেকে কোহলির একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে বিরাট প্রত্যেককে স্বাস্থ্যমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের নির্দেশ পালন করার অনুরোধ জানিয়েছেন।
ভিডিওতে ভারতীয় অধিনায়ক আরো বলেন, ‘কঠিন এই সময়ে পুলিশ দরিদ্রদের সাহায্য করছে তা দেখে ভীষণ ভালো লাগছে। দিল্লি পুলিশের কাজের প্রশংসা করতেই হয়। শুধু সততার সঙ্গে কাজ করে যাওয়াই নয়, দরিদ্রদের প্রতিদিন খাবার দিয়েও সাহায্য করছেন। যেটা এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন। এইভাবেই কাজ করে যান আপনারা।'
কোহলির সঙ্গে পুলিশের প্রশংসা করেছেন ইশান্ত শর্মাও। জাতীয় দলের তারকা পেসার এক ভিডিও বার্তায় বলেন, ‘এই সময় ঘরে থাকতে হবে। নিজের ভালোবাসার মানুষের সান্নিধ্যে থাকার সময় এখন। পরিবার ও নিজের যত্ন নেওয়ার সময় এখন। দিল্লি পুলিশ এই জন্য দিন-রাত পরিশ্রম করছে।’
ইশান্ত আরো বলেন, ‘এসো নিজেরা ঘরে থেকে পুলিশকে সাহায্য করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গুজবে কান না দেওয়া। আমরা এই লড়াই একসঙ্গে জিতব।’
ভিডিও লিঙ্ক :

স্পোর্টস ডেস্ক