যুব ক্রিকেট দলকে মুশফিকের ‘স্যালুট’
বিশ্বকাপ জয়ে অভিনন্দনের জোয়ারে ভাসছে বাংলাদেশ যুব ক্রিকেট দল। পৃথিবীর বিখ্যাত ক্রিকেটারও শুভেচ্ছা জানাতে ভোলেননি তাঁদের। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম অভিনন্দন আগেই জানিয়েছেন, এবার দাঁড়িয়ে বাংলাদেশ যুব দলকে ‘স্যালুট’দিলেন তিনি।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির অফিসের বাইরের দেয়ালে বিশ্বজয়ী ক্রিকেটারদের ছবি দিয়ে বিশাল ব্যানারটা টানানো হয়েছে। সেই ব্যানারের সামনে দাঁড়িয়ে যুবাদের ‘স্যালুট’দেন মুশফিক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেই ছবি পোস্টও করেছেন মুশফিক।
এর আগে বিশ্বকাপ জয়ের দিনই মুশফিক নিজের ফেসবুক পেজে লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ। আমি নির্দ্বিধায় বলতে পারি, বাংলাদেশের ক্রিকেটার হিসেবে এটা আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন। ছেলেরা আমাদের গর্বিত করেছে। অভিনন্দন সুপারস্টার।’
গত রোববার যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে বৃষ্টি আইনে তিন উইকেটে হারিয়ে প্রথমবার যুব বিশ্বকাপের শিরোপা জেতে বাংলাদেশ।
রাকিবুল, শরিফুল ও অভিষেকদের দারুণ বোলিংয়ের পর অধিনায়ক আকবর আলীর দায়িত্বশীল ব্যাটিংয়ে দারুণ জয় তুলে নিয়ে বিশ্বকাপ জেতে বাংলাদেশ।
ম্যাচে ১৭৭ রান তাড়ায় বাংলাদেশের ইনিংসের ৪১তম ওভার শেষে বৃষ্টি নামে। সে সময় তাদের স্কোর ছিল ১৬৩/৭। আবার খেলা শুরু হলে তারা নতুন লক্ষ্য পায় ৪৬ ওভারে ১৭০। সাত বলের মধ্যে ছুঁয়ে ফেলে লক্ষ্য।
যা পারেননি সাকিব, তামিম, মুশফিক ও মিরাজরা তা করে দেখালেন ইমন, শাহাদাত ও জয়রা। বৈশ্বিক কোনো আসরে শুধু ফাইনালেই উঠেনি, শিরোপা জিতে ইতিহাস গড়ে বাংলাদেশের যুবারা।
অবশ্য চার বছর আগে ঘরের মাঠে সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে চোখের জলে মাঠ ছেড়েছিলেন লাল-সবুজের দলের যুবারা। ঠিক চার বছর পর দক্ষিণ আফ্রিকার মাটিতে সাফল্যে উদ্ভাসিত হলেন যুবারা।

স্পোর্টস ডেস্ক