যে কারণে খুলনার একাদশে ছিলেন না আমলা
চলমান বিপিএলে খুলনা টাইগার্সে নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হাশিম আমলা। বিপিএলে এবারই তাঁর প্রথম আসা। কদিন আগেই দলে যোগ দিয়েছেন। খুলনার সঙ্গে অনুশীলনও করেছেন। কিন্তু আজ শুক্রবার একাদশে ছিলেন না তিনি। ম্যাচ শেষে দলের কোচ জেমস ফস্টার জানালেন, হাশিম আমলাকে না খেলানোর কারণ।
এদিনের ম্যাচে ঢাকা প্লাটুনের কাছে ১২ রানে হেরেছে মুশফিকুর রহিমের খুলনা। দুর্দান্ত ব্যাট করেছেন মুশফিক। মাত্র ৩৩ বলে খেলেছেন ৬৪ রানের ইনিংস। কিন্তু টপ অর্ডারদের ব্যর্থতায় জিততে পারেনি খুলনা টাইগার্স।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আমলাকে না খেলানো প্রসঙ্গে কোচ ফস্টার বলেন, ‘এ ম্যাচের একাদশে আমাদের কাছে ভালো মনে হয়েছে। ভেবেছি, এই কম্বিনেশন নিয়েই আমরা ভালো করব। তাই খেলানো হয়নি।’
সে সঙ্গে লেগ স্পিনার বিপ্লবকে দিয়ে ওপেন করানোর কারণও জানান খুলনা কোচ। তিনি বলেন, ‘চোটের কারণে নাজমুল হোসেন শান্ত ছিল না, মিরাজের সঙ্গে ইনিংস শুরুর জন্য অন্য কাউকে লাগত আমাদের। আমাদের মনে হয়েছে, বিপ্লবকে সুযোগ দিয়ে দেখি।’
এরআগে গতকাল বৃহস্পতিবার বিপিএল খেলতে আসার অনুভূতি নিয়ে আমলা বলেন, ‘বাংলাদেশে আসতে বরাবরই খুব ভালো লাগে। আগেও বেশকবার এসেছি। এখানকার আবহ ভালো। ক্রিকেটীয় সংস্কৃতি দুর্দান্ত, মাঠ সবসময়ই প্রাণবন্ত থাকে। এখানে আসতে আগ্রহী ছিলাম। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে বিপিএল অন্যতম। এটার আলাদা স্বাদ আছে। সেই অভিজ্ঞতা নেওয়ার জন্য মুখিয়ে আছি আমি। অবসরের পর সময় ছিল অনেক। টি-টেন ক্রিকেট খেললাম। খুলনা টাইগার্সের সঙ্গে যোগাযোগ হলো, তারা জানতে চাইল আমাকে পাওয়া যাবে কি না। সৌভাগ্যবশত এখন সময়টা ফাঁকা ছিল, চলে এসেছি।’

ক্রীড়া প্রতিবেদক