সময়মতোই হচ্ছে টোকিও অলিম্পিক : জাপানের প্রধানমন্ত্রী
একের পর এক বিশ্ব ক্রীড়া আসর যখন স্থগিত করা হচ্ছে, তখন দুশ্চিন্তা ঘিরে ধরেছিল টোকিও অলিম্পিক আয়োজন নিয়ে। সেই দুশ্চিন্তা এখন পুরোপুরি কেটে গেছে, এমনটা বলা যাচ্ছে না। এমন সময়ে নিজ দেশের অবস্থান পরিষ্কার করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। বিবিসির তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত জাপানে ২৮ জনের মৃত্যুর খবর পওয়া গেছে। এরপরও ভাইরাসের সংক্রমণ কাটিয়ে গেমস আয়োজন সফলভাবে করা হবে বলে ঘোষণা দিলেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে।
পরিকল্পনা অনুযায়ী, আগামী জুলাইয়ে নির্ধারিত সময়েই টোকিও অলিম্পিক আয়োজন করা হবে বলে বিশ্বকে আশ্বস্ত করেছেন জাপানের প্রধানমন্ত্রী।
জাপানের প্রধানমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সঙ্গে নিয়ে সার্বিক বিষয় গভীরভাবে পর্যবেক্ষণ করছে। নিরাপদভাবে অলিম্পিক আয়োজনের বিষয়ে জাপানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সমঝোতা সই হয়েছে। ভাইরাসের সংক্রমণ কাটিয়ে যাতে পরিকল্পনামাফিক সুন্দরভাবে গেমস আয়োজন করা যায়, সেদিকে লক্ষ রাখছে আমার দেশ। জুলাইয়ে নির্ধারিত সময়ে অলিম্পিক আর প্যারালিম্পিক সম্পন্ন করতে পারব বলে আশা করছি।’
সারা বিশ্বে মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস। হু হু করে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। এ ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ব ক্রীড়াঙ্গনে প্রায় অচলাবস্থা। একের পর এক স্থগিত হয়ে যাচ্ছে সব টুর্নামেন্ট। এর মধ্যে অন্তত স্বস্তির খবর দিল টোকিও অলিম্পিক।

স্পোর্টস ডেস্ক